
শেষ আপডেট: 19 December 2022 11:53
দ্য ওয়াল ব্যুরো, পশ্চিম বর্ধমান: আসানসোলের 'কম্বল কাণ্ড' অনুষ্ঠানের অন্যতম আয়োজক বিজেপি কাউন্সিলর চৈতালি তিওয়ারিকে নোটিশ পাঠাল পুলিশ (Police Notice)। জিজ্ঞাসাবাদের জন্য মঙ্গলবার, অর্থাৎ আগামীকাল তাঁকে বাড়িতে থাকতে বলা হয়েছে। চৈতালি তিওয়ারি হলেন আসানসোল পুরসভার প্রাক্তন মেয়র জিতেন্দ্র তিওয়ারির স্ত্রী (Jitendra Tiwari's Wife)।
সোমবার সকালে আসানসোল-উত্তর থানার পুলিশ যখন ২৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর চৈতালি তিওয়ারিকে নোটিশ দিতে আসে তখন তিনি বা জিতেন্দ্র তিওয়ারি কেউই বাড়িতে ছিলেন না। বাড়ির বাইরে নোটিশ আটকে দেয় পুলিশ।
ঘটনা হল গত ১৪ ডিসেম্বর আসানসোলে একটি শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে এসেছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেই অনুষ্ঠানের অন্যতম আয়োজক হিসেবে নাম ছিল চৈতালি তিওয়ারির। শুভেন্দু অধিকারী অনুষ্ঠান থেকে চলে যাওয়ার পর হুড়োহুড়ি শুরু হয়। তাতে পদপিষ্ট হয়ে এক কিশোরী সহ ৩ জনের মৃত্যু হয়। এই ঘটনা নিয়ে ইতিমধ্যেই উত্তাল হয়ে উঠেছে রাজ্য রাজনীতি। চৈতালি ও জিতেন্দ্র তিওয়ারির নামে অভিযোগ দায়ের হলেও প্রথমে তাদের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেয়নি। সেই ঘটনাতেই বিজেপি কাউন্সিলর চৈতালি তিওয়ারিকে জিজ্ঞাসাবাদ করতে চেয়ে এবার নোটিশ দিল পুলিশ।
এদিকে তাঁরা কোনরকম নোটিশ পাননি বলে জানিয়েছেন জিতেন্দ্র তিওয়ারি। সেইসঙ্গে তিনি জানান, ওইদিনের দুর্ঘটনার পর থেকেই তাঁর স্ত্রী অসুস্থ হয়ে পড়েছেন। যে কিশোরী মারা গিয়েছে সে চৈতালি তিওয়ারির খুব কাছের ছিল। তার ফলে তাঁর স্ত্রী এখন কথা বলার মতো অবস্থায় নেই বলে জানান জিতেন্দ্র তিওয়ারি।