
শেষ আপডেট: 2 June 2023 14:39
দ্য ওয়াল ব্যুরো, পূর্ব বর্ধমান: গতবার বামেদের আইন অমান্য অভিযানে কলা চুরির অভিযোগ উঠেছিল। এবার কলার দোকানের সামনে পাহারায় মোতায়েন করা হল পুলিশ। শাসকদলের দুর্নীতির প্রতিবাদে শুক্রবার দুপুরে পূর্ব বর্ধমান জেলা পরিষদ অভিযানের ডাক দিয়েছিল এসএফআই এবং ডিওয়াইএফআই।
গতবছরের অগস্ট মাসে সিপিএমের আইন অমান্য অভিযানে ব্যাপক ঝামেলা হয়। পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের খণ্ডযুদ্ধ বেঁধে যায়। ভেঙে দেওয়া হয় বিশ্ববাংলা গ্লোব। আভাস রায়চৌধুরী, অনির্বাণ রায়চৌধুরী-সহ বেশ কয়েকজন সিপিআইএম নেতা ও কর্মী গ্রেফতার হন। সেই অভিজ্ঞতা থেকেই বৃহস্পতিবার প্রস্তুতি নিয়েছিল প্রশাসন। প্রচুর পুলিশ, র্যাফ ও সিভিক ভলেন্টিয়ার মোতায়েন করা হয়। শহরের জিটি রোডের মিউনিসিপালিটি মোড় থেকে বীরহাটা মোড় পর্যন্ত যান চলাচল নিয়ন্ত্রণ করা হয়। আনা হয় জলকামান। বেলা ১১ টা থেকে বিকেল চারটে পর্যন্ত বাস-সহ অন্যান্য যানবাহন চলাচল বন্ধ করে দেওয়া হয়। বিশেষ নজর রাখা হয়েছিল রাস্তার ধারের ফলের দোকানগুলিতে।
গতবারের আইন অমান্য অভিযানে বাম ছাত্র যুবদের একটি অংশের বিরুদ্ধে কার্জনগেটের পাশে একটি ফলের দোকান থেকে কলা ছিনতাইয়ের অভিযোগ উঠেছিল। হাতে পতাকা নিয়ে একটি দোকান থেকে কলা লুঠ করছে বাম কর্মীরা এমন ছবিও প্রকাশ্যে আসে। সিপিএম অবশ্য এই অভিযোগ অস্বীকার করেছিল। দল দাবি করে এমন কোনও ঘটনাই ঘটেনি। অন্য একটি ঘটনার ছবি বিকৃত করা হয়েছে। শুক্রবার পুলিশের এক আধিকারিক বলেন, “আমাদের উপর নির্দেশ আছে ফলের দোকান-সহ কোনও দোকানে যেন কেউ হামলা বা লুঠপাট না করে তার দেখভাল করা। তাই ফলের দোকানের সামনে পুলিশ মোতায়েন করা হয়েছে।”
অভিষেকের মিছিল যাবে, গরু,ষাঁড়, কুকুর, ছাগল থেকে রাস্তা মুক্ত রাখুন, বিডিওদের চিঠি পুলিশ সুপারের