
শেষ আপডেট: 21 July 2018 11:33
রফিকুল জামাদার: ছাত্র ভর্তিতে সিন্ডিকেটের অভিযোগে সম্প্রতি জয়া দত্তকে তৃণমূল ছাত্র পরিষদের সভানেত্রী পদ থেকে সরিয়ে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। শুধু দল কেন, প্রশাসন ও পুলিশের কাছেও পরিষ্কার যে তাঁর সম্পর্কে এখন হাইকম্যান্ডের মনোভাব কী?
শনিবার ধর্মতলায় একুশে জুলাইয়ের মঞ্চে উঠতে গিয়েছিলেন জয়া। কিন্তু পরিষ্কার দেখা যায়, তাঁর পথ আটকে দাঁড়ায় পুলিশ। মঞ্চের পাশে কর্তব্যরত পুলিশ কর্মীরা তালিকা মিলিয়ে বলেন, আপনার মঞ্চে ওঠার অনুমতি নেই। দৃশ্যত বিড়ম্বনায় পড়ে যান তৃণমূল ছাত্র পরিষদের সদ্য প্রাক্তন সভানেত্রী।
তবে এর পরেও হাল ছাড়তে চাননি জয়া। সূত্রের খবর, মঞ্চের পিছনে দাঁড়িয়ে জয়া ফোন করেন টিএমসিপি ও যুব কংগ্রেসের কয়েকজন স্বেচ্ছাসেবককে। অনেক পরে তাঁকে মঞ্চে ওঠার অনুমতি দেওয়া হয়। যদিও একেবারে পিছনে স্বেচ্ছাসেবকদের সঙ্গে ছিলেন তিনি।
তাৎপর্যপূর্ণ হল, একুশে জুলাইয়ের মঞ্চে তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি বা সভানেত্রী বক্তৃতা দেবেন সেটাই এতোদিনের রীতি ছিল। কিন্তু টিএমসিপি সভানেত্রী পদে এখন কেউ নেই, তাই ছাত্র সংগঠনের তরফে কাউকে বক্তৃতা দিতে ডাকাও হয়নি। ফ্রন্টাল অর্গানাইজেশনের মধ্যে কেবল মহিলা তৃণমূলের সভানেত্রী চন্দ্রিমা ভট্টাচার্য ও যুব তৃণমূল সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় বক্তৃতা দেন।