
শেষ আপডেট: 4 September 2023 15:10
দ্য ওয়াল ব্যুরো, দক্ষিণ ২৪ পরগনা: পুলিশ হেফাজতে অভিযুক্তের মৃত্যু (Police Custody Death)! এই মৃত্যু ঘিরে রহস্য ঘনিয়েছে জয়নগরে (Joynagar)। বারুইপুর এসডিপিও অতীশ বিশ্বাসকে তদন্তের নির্দেশ দিয়েছেন বারুইপুর পুলিশ সুপার মিস পুষ্পা। তদন্তের রিপোর্ট জমা পড়লে তার ভিত্তিতে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন সুপার।
মৃতের নাম সঞ্জীব সাঁপুই (৫৫)। তাঁর বাড়ি বকুলতলা থানা এলাকার নিমপীঠে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, সঞ্জীব সাঁপুইয়ের স্ত্রী অনিতা সাঁপুই জয়নগর থানায় স্বামীর বিরুদ্ধে মারধর করার অভিযোগ দায়ের করেন। জয়নগর থানা এলাকার জয়চণ্ডীতলায় সঞ্জীবের মেয়ে একটি বাড়িতে ভাড়া নিয়ে থাকতেন। তাঁর সঙ্গে মাকেও রেখেছিলেন। কিন্তু সঞ্জীব সেখানে গিয়েও একদিন তাঁদেরকে মারধর করেছিলেন বলে অভিযোগ। এই ঘটনার পরেই সঞ্জীবের স্ত্রী স্বামীর বিরুদ্ধে থানায় অভিযোগ জানালে রবিবার সঞ্জীব সাঁপুইকে গ্রেফতার করা হয়।
পুলিশের প্রাথমিক অনুমান সঞ্জীব অ্যাসিড খেয়েছিলেন। যদিও ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পরই বিষয়টি নিশ্চিত করে জানা যাবে বলে পুলিশ সূত্রে জানানো হয়েছে। ঘটনার সময় ঘরে কেউ ছিল না বলেই পুলিশের দাবি।
ওই ব্যক্তি অসুস্থ হয়ে পড়লে প্রথমে নিমপীঠ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অবস্থার অবনতি হলে তাঁকে বারুইপুর হাসপাতালে এবং পরে সেখান থেকে কলকাতার চিত্তরঞ্জন হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই সোমবার সকালে তাঁর মৃত্যু হয়।
জানা গিয়েছে, মৃত সঞ্জীব সাঁপুই পেশায় একজন ভ্যানচালক। তিনি স্ত্রীকে সন্দেহ করতেন। অন্যকারও সঙ্গে স্ত্রীর সম্পর্ক আছে এই সন্দেহে সঞ্জীব অনিতাকে মারধর করতেন। এমনকী তাঁকে লক্ষ্য করে অ্যাসিডও মারা হয় বলে তাঁর অভিযোগে জানান অনিতা।
আরও পড়ন: কসবার স্কুলের সিসিটিভিতে দুপুরে ছ’তলায় ঘুরতে দেখা গিয়েছিল ওই ছাত্রকে, তারপরেই কি ঝাঁপ?