
শেষ আপডেট: 7 July 2023 10:23
দ্য ওয়াল, মুর্শিদাবাদ: বৃহস্পতিবারই রাজ্য নির্বাচন কমিশনারকে নজিরবিহীন আক্রমণ শানিয়েছিলেন রাজ্যপাল সিভি আনন্দবোস (Governor CV Ananda Bose)। তখনই জানিয়েছিলেন, শুক্রবার তিনি যাবেন মুর্শিদাবাদে (Murshidabad )। এবারের পঞ্চায়েত ভোটে এই জেলায় ঘটেছে একাধিক হানাহানির ঘটনা। এমনকি ভোটের এক দিন আগে শুক্রবারও মুর্শিদাবাদে খুন হয়েছে এক কংগ্রেস কর্মী। এমন আবহে মুর্শিদাবাদের নবগ্রাম এবং খড়গ্রামের হিংসা কবলিত এলাকা পরিদর্শন করেন রাজ্যপাল। কথা বলেন, নিহতদের পরিবারের সঙ্গে। সেখানে রাজ্য পুলিশ ( Police) নিয়ে রাজ্যপালকে হাজার অভিযোগ (thousands of complaints) জানান নিহতের পরিবার ও একাংশ মানুষ। খুনের ঘটনায় সিবিআই তদন্তের দাবিও ওঠে।
পঞ্চায়েত ভোটের মনোনয়ন শুরুর দিনে মুর্শিদাবাদের (Murshidabad ) খড়গ্রামে খুন হন কংগ্রেস কর্মী ফুলচাঁদ শেখ। ঘটনায় অভিযোগের তির শাসকদলের বিরুদ্ধে। এদিন দুপুরে সেখানে পৌঁছন রাজ্যপাল (Governor CV Ananda Bose)। কথা বলেন নিহতের পরিবারের সঙ্গে। তাঁরা রাজ্যপালের কাছে অভিযোগ করেন যে পুলিশ কোনও পদক্ষেপ করছে না। অভিযুক্তদের গ্রেফতার তো দূরে থাক, তাঁদের পাহারা দিচ্ছে পুলিশ। খুনের ঘটনায় রাজ্যপালের কাছে সিবিআই তদন্তের দাবিও জানান তাঁরা। গ্রামবাসীদের মধ্যে কয়েকজন মহিলা রাজ্যপালকে জানান, এলাকায় একের পর এক হিংসার ঘটনা ঘটছে। অথচ পুলিশের কাছে অভিযোগ জানাতে গেলেও পুলিশ গুরুত্ব দেয় না। কয়েকজন আবার পুলিশের বিরুদ্ধে মিথ্যে মামলা সাজানোর অভিযোগও জানান।
এদিন বেলা ১১টা নাগাদ ট্রেনে করে বহরমপুরে আসেন রাজ্যপাল। স্টেশন থেকে সোজা চলে যান নবগ্রামের হজবিবিডাঙায়। গত ১৫ জুন এই গ্রামেই তৃণমূলের অঞ্চল সভাপতি মোজাম্মেলকে গুলি করে খুনের অভিযোগ ওঠে কংগ্রেস আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। নিহত মোজাম্মেলের স্ত্রীর সঙ্গে প্রায় ১৫ মিনিট কথা বলেন রাজ্যপাল। খুনের দিনের ঘটনার কথা জানতে চান। এলাকার বর্তমান পরিস্থিতির খোঁজ নেন।
দুপুরে ফিরে আসেন সার্কিট হাউসে। সূত্রের খবর, জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে জেলা পুলিশের শীর্ষকর্তাদের সঙ্গে বৈঠক করতে পারেন রাজ্যপাল। তারপরে ফের যেতে পারেন হিংসা কবলিত এলাকায়। সেই তালিকায় রয়েছে ডোমকল, বেলডাঙার পাশাপাশি রানীনগর। এই রানীনগরেই আজ সকালে খুন হয়েছেন এক কংগ্রেস কর্মী।
আরও পড়ুন: ‘বিরোধীদের প্রার্থীও কি আমরা সাপ্লাই দেব?’ বিমানের সেই কটাক্ষের বিশ বছর