
শেষ আপডেট: 12 February 2023 14:46
দ্য ওয়াল ব্যুরো, বাঁকুড়া: আবাসিকদের উপর অকথ্য নির্যাতনের অভিযোগ তুলে বেসরকারি নেশামুক্তি কেন্দ্রে (rehabilitation center) বেপরোয়া ভাঙচুরের অভিযোগ উঠল পরিবারের লোকজনদের বিরুদ্ধে। বিষ্ণুপুরের কবরডাঙ্গা এলাকায় এই ঘটনায় রবিবার দুপুরে তুমুল চাঞ্চল্য সৃষ্টি হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, বিষ্ণুপুরের (Bishnupur) কবরডাঙা এলাকায় বেশ কিছুদিন ধরেই বেসরকারি উদ্যোগে একটি নেশামুক্তি কেন্দ্র গড়ে ওঠে। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে নেশাসক্তদের এখানে এনে ভর্তি করেন তাঁদের বাড়ির লোকজন। বর্তমানে ১৪ জন সেখানে ভর্তি ছিলেন। আবাসিকদের আত্মীয়রা জানান, এখানে রাখার জন্য প্রতি মাসে পরিবারের কাছ থেকে মোটা অঙ্কের টাকা নেওয়া হত। কিন্তু কাজের কাজ কিছুই করা হত না। নেশা ছাড়ানোর নামে তাঁদের ব্যাপক মারধর করা হত। দেওয়া হত অত্যন্ত নিম্নমানের যৎসামান্য খাবার।
এই অভিযোগগুলি নিয়েই এদিন আবাসিকদের আত্মীয়রা নেশামুক্তি কেন্দ্রে আসেন। তখন তাঁদের সঙ্গে তুমুল বচসা বাঁধে নেশামুক্তি কেন্দ্রের কর্মী ও আধিকারিকদের। প্রবল বিক্ষোভে ফেটে পড়েন আত্মীয়রা। পরে ওই কেন্দ্রে ভাঙচুর চালিয়ে নেশাসক্তদের নিয়ে চলে যান তাঁরা। তবে সংস্থার তরফে আবাসিকদের মারধর ও নিম্নমানের খাবার দেওয়ার অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করা হয়েছে। নেশামুক্তি কেন্দ্রের কর্মী ঋজু গিরি বলেন, “সম্পূর্ণ ভিত্তিহীন অভিযোগ। মারধর বা খাবার কম দেওয়ার কোনও প্রশ্নই নেই।”
পুরসভার তরফে জানানো হয়েছে ওই এলাকায় যে নেশামুক্তি কেন্দ্র রয়েছে তা তাঁদের জানানো হয়নি। বিষ্ণুপুর পুরসভার ১৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার সিদ্ধার্থ নায়েক জানান, এই নেশামুক্তি কেন্দ্র তৈরির সময় পুরসভার কোনও অনুমতি নেওয়া হয়নি। পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।
শিলিগুড়িতে ভয়াবহ দুর্ঘটনা, নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা মারল গাড়ি, মৃত্যু ৩ জনের