দ্য ওয়াল ব্যুরো: আসানসোল (asansol) পৌরনিগমের ৮৭ নং ওয়ার্ডের কালিপাহাড়ী নিউ ঘুষিক এলাকায় রবিবার রাতে হঠাৎ ধস (landslide) নেমে তীব্র আতঙ্ক (fear) ছড়ায়। চার থেকে পাঁচটা বাড়ি সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়ে ভেঙে পড়ে, ১৫-২০টি বাড়িতে ফাটল ধরে। প্রায় দুশো বর্গমিটার এলাকাজুড়ে ধস নামে। লোকজন ঘরের বাইরে কাটান সারা রাত। তীব্র আতঙ্কে অনেকে বাসনপত্র, জামাকাপড়, বড় আলমারি ঘরের বাইরে বের করে নিয়েছেন। কিন্তু খোলা আকাশের নীচে যাবেন কোথায়?
আতঙ্কিত এলাকাবাসী রঞ্জিত বাউড়ী জানান, রবিবার রাতে ভূমিকম্পের মতো সব কাঁপতে থাকে। সবাই বাড়ির বাইরে বেরিয়ে আসতে না আসতেই পাঁচটা বাড়ি ধসে পড়ে যায়। রাস্তায়ও ফাটল ধরেছে। ফাটল ধরা বাড়িগুলি যে কোনও সময় ভেঙে পড়ার আশঙ্কা রয়েছে। পুলিশ প্রশাসন খবর পেয়ে ঘটনাস্থলে এলেও কোনও রাজনৈতিক দলের নেতৃত্ব আসেননি বলে এলাকাবাসীর অভিযোগ। এই মুহূর্তে তাঁরা কোথাও যাবেন, সে চিন্তায় দিশেহারা। আতঙ্কিত এক মহিলা জানান, রবিবার রাতে খাওয়াদাওয়ার পর ঘরের দরজা, জানলা কাঁপতে থাকে। তাঁরা ভয়ে বেরিয়ে আসার পর ঘরের একাংশ ধসে পড়ে যায়, বাড়ির চারিদিকে ফাটল ধরেছে। যে কোনও মুহূর্তে ঘর ভেঙে পড়ে যাবে। প্রশাসনের কাছে গ্রামবাসীদের দাবি, তাদের ক্ষতিপূরণ এবং পুনর্বাসন দিতে হবে।