
শেষ আপডেট: 22 May 2023 08:42
দ্য ওয়াল ব্যুরো: সামান্য একটা বিধায়ক পদ। তা তিনি যখনতখন ছেড়ে দিতে পারেন বলে বিস্ফোরণ ঘটিয়েছিলেন কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্র। সোমবার সে ব্যাপারে প্রতিক্রিয়া দিতে গিয়ে কিছুটা বিরক্তি প্রকাশ করলেন বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় (Speaker Biman Banerjees Reaction About Madan Mitras Statement on resigns ofrom MLA post)।
এদিনের মদনের সমস্ত কথাকে ব্যক্তিগত মত বলে অভিহিত করেছেন স্পিকার। বিমানবাবুর কথায়, ‘বিধায়ক পদ ছাড়তে গেলে তো আমার কাছে আসতে হবে। মিডিয়ার কাছে তো আর বিধায়ক পদ ছাড়বেন না। সংবাদমাধ্যম উল্লসিত হতে পারে ওঁর কথা শুনে। কিন্তু বিধায়ক পদ ছাড়তে গেলে কী রীতিনীতি আছে তা মদন মিত্র ভাল জানেন।’
এসএসকেএমে রোগী ভর্তি নিয়ে শুক্রবার রাত থেকে শনিবার দিনভর মদন নিয়ে আন্দোলিত ছিল তৃণমূল ও প্রশাসন। নিজাম প্যালেসে যখন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জিজ্ঞাসাবাদ চলছে সেই সময়েও মদনের সাংবাদিক বৈঠক বাংলার রাজনীতিতে অন্য মাত্রা যোগ করে দিয়েছিল।
শনিবার দুপুরে সেই সাংবাদিক বৈঠক থেকেই মদন কার্যত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিলেন। বলেছিলেন, ‘দরকারে বিধায়ক পদ ছেড়ে দেব। কিন্তু এক মাসের মধ্যে ভোট করাবেন। আমি সোনালি গুহ নই, শুভেন্দু অধিকারী নই, দীনেশ ত্রিবেদী নই, মুকুল রায় নই, আমি মদন মিত্র।’
তবে শনিবার দুপুরে মদনের মেজাজ যতটা সপ্তমে ছিল সন্ধে নামার পর সেই পারদও কিছুটা নেমে যায়। কুণাল ঘোষের সঙ্গে বৈঠকের পর এসএসকেএম সম্পর্কে তাঁর অবস্থানে অনড় থাকলেও দল, ইত্যাদি নিয়ে স্বর কিছুটা নরম করেন। তবে সেসব কথা নিয়ে এদিন স্পিকার বুঝিয়ে দিতে চাইলেন, মিডিয়ার সামনে ওসব বলে কিছু হয় না। বিধায়ক পদ ছাড়তে গেলে বিধানসভার অধ্যক্ষের ঘরেই আসতে হবে।
অভিষেকের নবজোয়ার, বাঁকুড়ার রামানন্দ কলেজে পুলিশ থাকায় বাতিল হল পরীক্ষা