
শেষ আপডেট: 24 September 2023 13:08
দ্য ওয়াল ব্যুরো, নদিয়া: ময়ূর পাচার (Peacock Trafficking) করতে গিয়ে বিএসএফের হাতে ধরা পড়ে গেল এক তরুণ। শনিবার রাতে নদিয়ার ভারত-বাংলাদেশ সীমান্ত (India-Bangladesh Border) দত্তফুলিয়া এলাকা থেকে গ্রেফতার করা হয় তাকে। তার কাছ থেকে ৭টা ময়ূর উদ্ধার করে বিএসএফ। জেরায় ওই তরুণ জানিয়েছে, বাংলাদেশ নিয়ে যাচ্ছিল পাখিগুলিকে।
তরুণকে দেখে এগিয়ে যান বিএসএফের টহলরত জওয়ানরা। সেই সময় ওই তরুণ খাঁচা নিয়ে পালাবার চেষ্টা করে। তরুণকে দাঁড়াতে বললেও ছুটতে থাকে সে। কিন্তু কিছুটা যাওয়ার পর পড়ে গিয়ে গুরুতর জখম হয়। পরে বিএসএফ কর্মীরা ওই তরুণকে খাঁচা সমেত গ্রেফতার করে।
তরুণকে জিজ্ঞাসাবাদ করার পরে ধানতলা পুলিশের হাতে তুলে দেয় বিএসএফ। রবিবার ধৃতকে রানাঘাট আদালতে তোলে পুলিশ। বাজেয়াপ্ত ময়ূরগুলি রানাঘাট বন দফতরের হাতে তুলে দেওয়া হয়েছে। জানা গিয়েছে, বন্য আইনের আওতায় ওই তরুণের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ।
আরও পড়ুন: শ্মশানেও শান্তি নেই, মদ খাওয়ার প্রতিবাদ করায় ডোমকে বেধড়ক মারধর!