
শেষ আপডেট: 10 June 2023 13:41
দ্য ওয়াল ব্যুরো, পূর্ব বর্ধমান: গ্রামের মাঝখানে হঠাৎ ময়ূর। গ্রামজুড়ে আলোড়ন পড়ে গেল এই ঘটনায়। খবর পেয়ে ময়ূরটিকে উদ্ধার করতে যায় বন দফতরের কর্মীরা।
শনিবার সকালে পূর্ব বর্ধমানের জামালপুর ব্লকের আঝাপুর এলাকার বীরপাড়া গ্রামে ক্ষেত ও লাগোয়া ঝোপঝাড়ের মধ্যে ময়ূরটি দেখতে পান বাসিন্দারা। খবর জানাজানি হতেই কৌতূহলে আশেপাশের এলাকার মানুষজন ছুটে আসেন। এসে পৌঁছন বন দফতরের কর্মীরাও। এক বিশেষজ্ঞ জানান, এটি একটি স্ত্রী ময়ূর। বয়স এক বছরের কিছু বেশি।
একসময় দক্ষিণবঙ্গের অনেক জায়গায় ময়ূর দেখা যেত। বর্ধমানের কাঞ্চননগরে ময়ূরের বাস ছিল। খণ্ডঘোষের বাদুলিয়াতেও দেখা মিলত ময়ূরের। কিন্তু এখন রাজহাটে মাঝেমধ্যে ময়ূরের দেখা মেলে। আর কাঁকসার জঙ্গলে বন দফতরের ছাড়া কয়েকটি ময়ূর আছে। কয়েকদশক আগেও ময়ূর পোষা যেত। কিন্তু বর্তমানে এটি সংরক্ষিত। 'ক' তালিকায় পড়ে। তাই কীভাবে এখানে ময়ূরটি এল, তা নিয়ে কৌতূহলী হয়ে পড়েছেন সবাই।
বর্ধমানের বনাধিকারিক নিশা শর্মা বলেন, “আমরা খবর পেয়েছি। উদ্ধার করতে লোক পাঠানো হয়েছে। একে উদ্ধার করে রমনার বাগানে রাখা হবে। সেখানে চিকিৎসার পর পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।” আউশগ্রামের জঙ্গলে দু'বছর ধরে ময়ূরের দেখা মিলছে। জঙ্গলে প্রচুর সংখ্যক ডিমও দেখা যাচ্ছে। তাই সজাগ আছে যেমন বনকর্মীরা। জঙ্গল মহলের বাসিন্দারাও ময়ূরের নিরাপত্তার বন্দোবস্ত করেছেন।
পঞ্চায়েত ভোটে বায়রন মডেল দেখালেন কুণাল, বললেন, অন্য দলের প্রতীকে জিতে কী লাভ