
শেষ আপডেট: 28 November 2022 13:07
দ্য ওয়াল ব্যুরো: আদালত সিবিআইয়ের সমালোচনা করলেও শেষ পর্যন্ত জামিন পেলেন না প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় (Partha Chattopadhyay) । পার্থ সহ সাতজনের আরও ১৪ দিনের জেল হেফাজতের (Police Custady) নির্দেশ দিলেন বিচারক। ফলে আগামী ১২ ডিসেম্বর পর্যন্ত নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত পার্থ-সুবীরেশ-শান্তিপ্রসাদদের সেই জেলেই থাকতে হবে।
তবে প্রাক্তন মন্ত্রী সহ শিক্ষা কর্তাদের ফের জেলে পাঠালেও সিবিআইয়ের তদন্ত নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন আলিপুরের বিশেষ সিবিআই আদালতের বিচারক। তিনি বলেন, "দেড়শো দিন হয়ে গেল, কবে তদন্ত শেষ করবে সিবিআই?"
সামনেই টেট পরীক্ষা, আজ ডিএলএডের প্রশ্ন ফাঁস যেন আতঙ্কের মুখে ঠেলে দিল পর্ষদকে
নিয়োগ দুর্নীতি মামলায় সোমবার পার্থ চট্টোপাধ্যায়, সুবীরেশ ভট্টাচার্য, কল্যাণ গঙ্গোপাধ্যায় সহ ৭ জনকে আলিপুরের বিশেষ সিবিআই আদালতে তোলা হয়। পার্থদের আইনজীবী জামিনের আবেদন জানান। সিবিআই যথারীতি তাতে আপত্তি জানায়। বিচারক সিবিআইয়ের কাছে জানতে চায়, "কেন তাঁদের জামিন দেওয়া হবে না? ১৫০ দিন হয়ে গিয়েছে এখনও কেন তদন্ত শেষ হয়নি?"
সিবিআইয়ের পক্ষ থেকে জামিনের বিরোধিতা করে বলা হয়, "এই দুর্নীতি পরিকল্পিত ষড়যন্ত্র। জামিনে তাঁরা মুক্তি পেলে সাক্ষীদের ওপর প্রভাব বিস্তার করতে পারেন।"
সিবিআইয়ের আইনজীবী জানান, ৩৫০ জনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। অনেকেই তদন্তে সাহায্য করছেন না। তবে কাউকেই এখনও গ্রেফতার করা হয়নি। সব তথ্যই রিপোর্ট হিসেবে জমা দেওয়া হয়েছে আদালতে।