
শেষ আপডেট: 10 March 2023 10:30
দ্য ওয়াল ব্যুরো: তৃণমূলের নেতারা প্রায়ই সভা মঞ্চ থেকে শুভেন্দু অধিকারীকে (Suvendu Adhikari) আক্রমণ করতে গিয়ে বলেন, বাড়িতে গিয়ে বাবা-দাদাকে জিজ্ঞেস করুন, তাঁরা কোন দলে? শুক্রবার সেই কথাটাই কটাক্ষের সুরে বিধানসভা অধিবেশনে বলায় বিরোধী দলনেতার সঙ্গে তীব্র বচসা বাঁধল সেচমন্ত্রী পার্থ ভৌমিকের (Partha Bhowmik)।
এদিন বিধানসভা অধিবেশনে বিদ্রুপের সুরে শুভেন্দুর উদ্দেশে পার্থ বলেন, ‘শিশিরবাবু কোন দলে?’ শুভেন্দু এদিন বিজেপি থেকে তৃণমূলে যাওয়া বিধায়কদের উদ্দেশে তির্যক মন্তব্য করেন। তারই পাল্টা শিশিরবাবুর প্রসঙ্গ টানেন নৈহাটির বিধায়ক পার্থ। এরপরেই রেগে যান নন্দীগ্রামের বিধায়ক।
বিধানসভা অধিবেশনে দাঁড়িয়েই পার্থর উদ্দেশে হুঁশিয়ারির সুরে শুভেন্দু বলেন, ‘আপনার নামে ভোট পরবর্তী হিংসার মামলা আছে। এক মাসের মধ্যে আপনাকে দেখে নেব!’
দেখা যায় তৃণমূলের শীর্ষ নেতৃত্ব পার্থকে থামানোর চেষ্টা করেন। স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় শুভেন্দুর উদ্দেশে বলেন, ‘আপনি এইরকম অবান্তর কথা অধিবেশনে বলতে পারেন না।’ পাল্টা শুভেন্দু বলেন, ‘শুরুটা করেছেন পার্থ ভৌমিক। আমি নই।’ তখন বিমানবাবু পার্থর উদ্দেশে বলেন, ‘আপনি থেমে যান।’ বেশ কিছুক্ষণ ধরে উত্তেজনার পরিস্থিতি চলে অধিবেশন কক্ষে। দেখা যায় এরপর পার্থ ভৌমিক শুভেন্দুর উদ্দেশে বলছেন, ‘আমি কথাটা ওভাবে বলিনি, ওভাবে বলিনি।’
এদিন পঞ্চায়েত বাজেট নিয়ে আলোচনা শেষে স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় বলেন, বিরোধী দলনেতা যেভাবে অধিবেশন কক্ষে দাঁড়িয়ে দেখে নেওয়ার হুমকি দিয়েছে তা অনভিপ্রেত। এভাবে হুমকি দেওয়া যায় না।
শিশিরবাবু তৃণমূলের টিকিটে কাঁথি থেকে জিতেছিলেন। তারপর তিনি একুশের ভোটের আগে অমিত শাহের দলীয় কর্মসূচির মঞ্চে গিয়েছিলেন। সেই থেকে তৃণমূল কটাক্ষ করে আসছে। এ নিয়ে লোকসভায় তৃণমূল নেতা সুদীপ বন্দ্যোপাধ্যায় স্পিকার ওম বিড়লাকে শিশিরের বিরুদ্ধে দলত্যাগ বিরোধী আইন কার্যকর করার জন্য চিঠিও দেন।
বাংলায় যখন বিশ্বজিৎ দাস, কৃষ্ণ কল্যাণী, সুমন কাঞ্জিলারের মতো একের পর এক বিধায়ক বিজেপি ছেড়ে তৃণমূলে আসছেন তখন যখনই গেরুয়া শিবির তা নিয়ে আক্রমণ শানায় পাল্টা দিতে গিয়ে শুভেন্দুর বাবা তথা শিশির অধিকারীর প্রসঙ্গ টানে শাসকদল। এদিন সেটাই একেবারে শুভেন্দুর সঙ্গে মুখোমুখি হয় পার্থর। তাও আবার বিধানসভা অধিবেশনে।
সিটুর মিছিল ঘিরে রাসবিহারীতে তুলকালাম, ক্যাব চালক ইউনিয়ন ভাঙচুর চালাল অন্য গাড়িতে