
শেষ আপডেট: 17 May 2022 16:33
দ্য ওয়াল ব্যুরো: রাজ্যের বর্তমান শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীর (Paresh Adhikari) মেয়ে অঙ্কিতা অধিকারী স্কুলে শিক্ষিকা হিসাবে নিয়োগের সময় থেকেই অনিয়মের অভিযোগ উঠছে। মঙ্গলবার সে ঘটনায় সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। পরেশকে মঙ্গলবার সন্ধেতেই সিবিআই দফতরে হাজিরার নির্দেশও দেন বিচারপতি, সেই সঙ্গে তাঁকে মন্ত্রিসভা থেকে অপসারণের জন্য সুপারিশ করেছে উচ্চ আদালত।
এদিন সন্ধ্যায় এ ব্যাপারে প্রতিক্রিয়া জানাতে গিয়ে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী (Adhir Chowdhury) বলেন, আমি তো একটা কথাই বলব, “ওহে পরেশ অধিকারী, তুমি বদের ধাড়ি, এ বার বাড়াবাড়ির শাস্তি হোক।” তাঁর কথায়, ২০১৮ সালে ফরওয়ার্ড ব্লক থেকে এসে যেদিন তৃণমূলে যোগ দেন পরেশ, তার ৭২ ঘণ্টার মধ্যে তাঁর মেয়ের নাম প্যানেলে ওঠে। তখনই স্পষ্ট ছিল, অনিয়ম হয়েছে। কারণ, তাঁর থেকে বেশি নম্বর পেয়েও অনেকে চাকরি পাননি। রাজনৈতিক প্রভাব খাটিয়ে তৃণমূলের এই নেতা মন্ত্রীরা যে ভাবে স্বজনপোষণ করছেন, তাকে বদামি ছাড়া আর কীইবা বলা যেতে পারে। এর ফলে যোগ্যতা থাকা সত্ত্বেও হাজার হাজার ছেলেমেয়ে বঞ্চিত হচ্ছে।
অধীরবাবুর কথায়, এখানে বঞ্চনা হচ্ছে দুরকমের। এক তো স্বজনপোষণ করে বা দুর্নীতি করে চাকরি দেওয়া হচ্ছে। তাতে যোগ্য ছেলেমেয়েরা বঞ্চিত হচ্ছেন। দুই, এই দুর্নীতি নিয়ে বছরের পর বছর ধরে মামলা চলছে, ফলে নতুন নিয়োগ আর হচ্ছে না। তাই হাজার হাজার ছেলেমেয়ে পড়াশুনা করেও সরকারি চাকরির জন্য হাপিত্যেশ করে বসে থাকছেন। এতে একাধিক প্রজন্মের ক্ষতি হচ্ছে। এই ক্ষতি অপূরণীয়।