
শেষ আপডেট: 19 May 2022 08:20
দ্য ওয়াল ব্যুরো: রাজ্যের শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীকে (Paresh Adhikari) দু’ঘণ্টার মধ্যে নিজাম প্যালেসে হাজিরা দেওয়ার নির্দেশ দিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। মন্ত্রীর বিরুদ্ধে যে আদালত অবমাননার নতুন মামলা রুজু হয়েছিল তার শুনানিতে বৃহস্পতিবার দুপুর একটা নাগাদ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় নির্দেশ দিয়েছেন, এদিন দুপুর তিনটের মধ্যে পরেশ অধিকারীকে সিবিআই অফিসারদের মুখোমুখি হতে হবে। নইলে তাঁর বিরুদ্ধে কড়া পদক্ষেপ গ্রহণ করতে পারবে তদন্ত এজেন্সি।
আরও পড়ুন: আচার্য ভবনে সিআরপিএফ মোতায়েন আরও বেশি সময়, রাজ্যের আর্জি শুনল না ডিভিশন বেঞ্চ
অভিযোগ, পরেশের মেয়ে অঙ্কিতা ২০১৮ সালে নিয়ম বহির্ভূত ভাবে স্কুল সার্ভিস কমিশনে চাকরি পেয়েছিলেন। এও অভিযোগ, অঙ্কিতার নাম ওয়েট লিস্টে ছিল না। কয়েক জন ন্যায্য চাকরিপ্রার্থীকে টপকে হঠাৎ করেই এই নেতার মেয়ের নাম তালিকায় ঢুকে গিয়েছিল।
সেই মামলায় মঙ্গলবার বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিলেন। বলেছিলেন রাত আটটার মধ্যে তাঁকে নিজাম প্যালেসে হাজিরা দিতে। কিন্তু পরেশ তখন ছিলেন মেখলিগঞ্জে। ওই খবর শোনার পর সন্ধে নাগাদ মেয়েকে নিয়ে জলপাইগুড়ি রোড স্টেশন থেকে পদাতিক এক্সপ্রেসে চাপেন মন্ত্রী।
তারপর আর পরেশকে পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ। গোটা বুধবার তাঁকে হাইকোর্ট বা নিজামের চৌহদ্দিতে দেখা যায়নি। শুধু জানা গিয়েছে লাল রঙের পদাতিক এক্সপ্রেস থেকে বুধবার ভোর ৪ টে ৫৬ মিনিটে বর্ধমান স্টেশনের ৫ নম্বর প্ল্যাটফর্মে নামেন পরেশ এবং তাঁর মেয়ে। ৫টা ৪ মিনিটে বর্ধমান স্টেশন থেকে একটি সাদা রঙের স্করপিও করে বেরিয়ে যান মন্ত্রী। তারপর তিনি যে কোথায় গিয়েছেন কে জানে! এখন দেখার দুপুর তিনটের মধ্যে পরেশ যান কি না নিজাম প্যালেসে।