ঘটনার খবর পেয়ে রেলের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছন। নিরাপত্তার স্বার্থে ইঞ্জিনের সঙ্গে যুক্ত ওই কামরাটি আলাদা করে দেওয়া হয়। ইঞ্জিনটিকে কিছুটা এগিয়ে নিয়ে গিয়ে থামানো হয় এবং সংশ্লিষ্ট কামরা দ্রুত খালি করে দেওয়া হয়।
.jpeg.webp)
ফাইল ছবি
শেষ আপডেট: 16 February 2026 04:26
দ্য ওয়াল ব্যুরো: দার্জিলিংগামী ঐতিহ্যবাহী টয় ট্রেনে (Darjeeling Toy Train) হঠাৎ ধোঁয়া দেখা যাওয়ায় বুধবার সকালে শিলিগুড়ি টাউন স্টেশনে (Siliguri Town Station) চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। আতঙ্কিত হয়ে বহু পর্যটক ট্রেন থেকে নেমে যান। যদিও রেলের তরফে জানানো হয়েছে, ঘটনাটি অগ্নিকাণ্ড (Toy Train Fire Incident) নয় এবং প্রাথমিক ভাবে ‘ম্যান মেড’ ধোঁয়ার সম্ভাবনাই খতিয়ে দেখা হচ্ছে।
রেল সূত্রে জানা গিয়েছে, অন্যান্য দিনের মতো নিউ জলপাইগুড়ি (NJP) স্টেশন থেকে দার্জিলিংয়ের উদ্দেশে রওনা দিয়েছিল টয় ট্রেনটি। পরে ট্রেনটি শিলিগুড়ি টাউন স্টেশনে পৌঁছনোর সময় হঠাৎ একটি কামরা থেকে ধোঁয়া বের হতে দেখা যায়। সেই দৃশ্য নজরে আসতেই যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। প্রত্যক্ষদর্শীদের দাবি, স্টেশনে ঢোকার মুখেই ট্রেনটি থামিয়ে দেওয়া হয় এবং দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে উদ্যোগ নেয় রেল কর্তৃপক্ষ।
ঘটনার খবর পেয়ে রেলের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছন। নিরাপত্তার স্বার্থে ইঞ্জিনের সঙ্গে যুক্ত ওই কামরাটি আলাদা করে দেওয়া হয়। ইঞ্জিনটিকে কিছুটা এগিয়ে নিয়ে গিয়ে থামানো হয় এবং সংশ্লিষ্ট কামরা দ্রুত খালি করে দেওয়া হয়। জানা গিয়েছে, ওই কামরায় চার জন যাত্রী ছিলেন এবং তাঁরা সকলেই দার্জিলিং যাচ্ছিলেন। যদিও ধোঁয়া দেখা গেলেও প্রথমদিকে তার নির্দিষ্ট উৎস শনাক্ত করা যায়নি।
পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত সতর্কতা হিসেবে অগ্নিনির্বাপক যন্ত্র ব্যবহার করা হয়। প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে, যাত্রীদের ধূমপানের কারণেও এই ধোঁয়া তৈরি হয়ে থাকতে পারে। তবে বৈদ্যুতিক ত্রুটি বা অন্য কোনও প্রযুক্তিগত সমস্যার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া হয়নি। পুরো ঘটনার তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছে রেল কর্তৃপক্ষ।
দার্জিলিং হিমালয়ান রেলওয়ের (Darjeeling Himalayan Railway) ডিরেক্টর ঋষভ চৌধুরী জানান, একটি কামরায় ধোঁয়া দেখা গেলেও অগ্নিকাণ্ডের কোনও ঘটনা ঘটেনি। তাঁর বক্তব্য, ধোঁয়ার উৎস সম্পর্কে নিশ্চিত হওয়ার জন্য তদন্ত চলছে এবং আপাতত ‘ম্যান মেড’ কারণের সম্ভাবনাই খতিয়ে দেখা হচ্ছে। তিনি আরও জানান, প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা নেওয়ার পর প্রায় দশ মিনিটের মধ্যে টয় ট্রেনটি পুনরায় দার্জিলিঙের উদ্দেশে যাত্রা শুরু করে।
এই ঘটনার ফলে কিছু সময়ের জন্য যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়ালেও বড় ধরনের কোনও দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে বলে জানিয়েছে রেল কর্তৃপক্ষ।