
শেষ আপডেট: 25 June 2023 12:45
দ্য ওয়াল ব্যুরো, হুগলি: একজন আদ্যপান্ত বামপন্থী। অন্যজনকে সকলে মোদীভক্ত হিসাবেই চেনেন। রাজনৈতিক বিশ্বাস এখন তাঁদের ভোটের ময়দানে এনে দাঁড় করিয়েছে। এবার তাই রাম-বামের হয়ে মুখোমুখি লড়াই করতে নামছেন পান্ডুয়ার খিরকুণ্ডিগ্রামের দুই ভাই।
এবছর খিরকুণ্ডি নিয়ালার নামাজ গ্রাম পঞ্চায়েত থেকে বিজয়ানন্দ হাজরা সিপিএমের টিকিটে ময়দানে নেমেছেন। তাঁর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করবেন ভাই আনন্দ হাজরা। বিজেপি থেকে এবার টিকিট পেয়েছেন তিনি। দুই সহোদরের কথা গ্রামের বাসিন্দাদের মুখে মুখে ঘুরছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দু'জনের বাবা পঞ্চানন হাজরা ছিলেন বাম মনোভাবাপন্ন। পান্ডুয়া পঞ্চায়েত সমিতির তিনবারের সদস্য তিনি। মা আরতি সাধুখাঁ হাজরা ছিলেন প্রাথমিক স্কুলের শিক্ষিকা। বাবার ভাবধারা চিরকাল পাথেয় করেছেন বিজয়ানন্দবাবু। কিন্তু আনন্দবাবু হলেন প্রধানমন্ত্রীর ভক্ত। তাই বামপন্থী বাবার ছেলে হয়েও নিজের রাজনৈতিক বিশ্বাস থেকে গেরুয়া শিবিরে নাম লেখান। তাতে অবশ্য দাদা-ভাইয়ের সম্পর্কে কোনও চির ধরাতে পারেনি।
বিজয়ানন্দ বলেন, 'ভাই বিজেপির প্রার্থী হয়েছে আমার কোনও অসুবিধা নেই। প্রত্যেকের ব্যক্তিগত স্বাধীনতা আছে। বাবার কাছে রাজনীতি শিখেছি। আমি বামপন্থায় বিশ্বাসী। তাই সিপিএমের প্রার্থী হয়েছি। মানুষকে বলছি দুর্নীতিমুক্ত পঞ্চায়েত গড়তে আমাকে ভোট দিন।'
আনন্দবাবু বলেন,'আমি বিজেপির প্রার্থী হব প্রথমটায় বাড়িতে বলতে অসুবিধায় পড়েছিলাম। পরে বাবাকে বুঝিয়েছি। পরিবার আলাদা রাজনীতি আলাদা জায়গায়। দুর্নীতির বিরুদ্ধে লড়াই করতে আমি বিজেপির পক্ষ নিয়েছি।'
এখন ভোটের ময়দানে দু'জনেই দুজনের মতো করে প্রচার চালাচ্ছেন। তাঁরা দুজনেই দুর্নীতিমুক্ত পঞ্চায়েত গড়ে মানুষের জন্য কাজ করতে চান।
ছক ভেঙে পঞ্চায়েতে লড়ছেন চুমকি, ভোটারদের জোগাচ্ছেন অনুপ্রেরণা