
শেষ আপডেট: 7 June 2022 02:48
দ্য ওয়াল ব্যুরো: জামাইয়ের বাইকে চেপে ভাইয়ের বাড়ি বেড়াতে যাচ্ছিলেন পাঁচলার বাসিন্দা বছর ষাটের সুজাতা মান্না। কিন্তু সেখানেই ঘটল বিপত্তি। জামাইয়ের বাইক থেকে পড়ে মৃত্যু হল শাশুড়ির। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে পাঁচলার (Panchla Accident) হাকোলায়। মৃতার বাড়ি পাঁচলা থানার পানিয়াড়ায়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহটি ময়নাতদন্তে পাঠায়।
মৃতার পরিবার সূত্রে জানা গিয়েছে, দীর্ঘদিন সুজাতাদেবী তাঁর ভাইয়ের বাড়ি যাননি। জামাইষষ্ঠীতে মেয়ে-জামাই বাড়ি আসায় তাঁদের নিয়েই ভাইয়ের বাড়ি যাওয়ার পরিকল্পনা করেন তিনি। সেই মতো জামাই কৃষ্ণ সেনাপতির বাইকে চেপে তিনজন সেই পথে রওনা দেন। বাইকে জামাই ছাড়াও মেয়ে সুজাতাদেবীর সঙ্গে তাঁর মেয়ে কৃষ্ণা এবং বছর ছয়ের নাতনি ছিল।
সেইসময়েই ঘটে দুর্ঘটনা (Panchla Accident)! রাস্তা দিয়ে যাওয়ার সময় আচমকা বাইক থেকে নীচে পড়ে যান তিনি। জামাই কৃষ্ণ সেনাপতি দ্রুত শাশুড়িকে পাঁচলার কুলাই ব্লক হাসপাতালে নিয়ে যান। সেখানে সুজাতাদেবীর প্রাথমিক চিকিৎসা হলেও অবস্থার অবনতি হওয়ায় তাঁকে উলুবেড়িয়া মহকুমা হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সেখানেই রাতের দিকে তাঁর মৃত্যু হয়।
জামাই কৃষ্ণ সেনাপতি জানান, "কীভাবে এই ঘটনা ঘটে গেল বুঝতে পারছি না।" জানা গিয়েছে, স্বামী ছাড়াও সুজাতাদেবীর দুই ছেলে ও এক মেয়ে আছেন। ছেলে ও মেয়েদের বিয়ে হয়ে গিয়েছে। পারিবারিক অবস্থা ভালো না হওয়ায় স্বামী-স্ত্রী জরির কাজ করে সংসার চালাতেন। সেই কাজের চাপেই বহুদিন ভাইয়ের বাড়ি যাওয়া হচ্ছিল না তাঁর। এদিন সেই ভাইয়ের বাড়ি যেতে গিয়েই অকালে প্রাণ হারালেন তিনি।