
শেষ আপডেট: 12 July 2023 04:02
দ্য ওয়াল ব্যুরো: অগ্নিগর্ভ ভাঙড়। গণনা চলছে (Panchayat Election Result 2023)। এর মধ্যেই গতকাল পঞ্চায়েত ভোটের ফলপ্রকাশের রাতেও ব্যাপক বোমাবাজি, দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়ে। পুলিশের সঙ্গে খণ্ডযুদ্ধে জড়িয়েছেন আইএসএফ কর্মীরা। গতকাল রাত থেকেই বোমা পড়ছে ভাঙড়ে। জানা গেছে, ভোট লুঠের অভিযোগে অশান্তি ছড়িয়েছে। পুলিশকে লক্ষ্য করে বোমা ছোড়েন কয়েকজন আইএসএফ কর্মী। পাশাপাশি পুলিশের সঙ্গে হাতাহাতিও শুরু হয়। পাল্টা লাঠিচার্জ করে পুলিশ। ঘটনায় এক পুলিশ কর্তা গুলিবিদ্ধ হয়েছেন বলে খবর। গুলি লেগে জখম দুই আইএসএফ কর্মীর মৃত্যু হয়েছে।
বোমার আঘাতে জখম হন দুই আইএসএফ কর্মী। তাঁদের মৃত্যু হয়েছে বলে খবর। যদিও এ ব্যাপারে পুলিশের তরফে এখনও কিছু জানা যায়নি।
রক্তপাত দিয়ে শুরু হয়েছিল পঞ্চায়েত ভোটের (PANCHAYAT ELECTION 2023) মনোনয়ন পর্ব। শেষ দিনেও রক্ত ঝরেছে। পঞ্চায়েত নির্বাচন ঘোষণার পর থেকেই বার বার রাজনৈতিক সংঘর্ষকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠেছে ভাঙড়ের একাংশ। লাগামহীন হিংসার সাক্ষী থেকেছে দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়। বোমাবাজি হয়েছে, গুলি চলেছে। দোকানপাটে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। ভোটের দিন সকালেও তৃণমূল-আইএসএফ সংঘর্ষে রণক্ষেত্রের (PANCHAYAT ELECTION 2023) চেহারা নিয়েছিল ভাঙড়। সেই ঘটনায় দুজন আইএসএফ কর্মী গুলিবিদ্ধ হয়েছিলেন বলে খবর মেলে।
পঞ্চায়েত: ভোট শুরুর ৩ ঘন্টা পর ঢুকেছিলেন দফতরে, গণনার দিন প্রায় রাত ২ টো পর্যন্ত কমিশনে রাজীব সিনহা
ভাঙড়ে ১৯টি গ্রাম পঞ্চায়েতের মধ্যে তৃণমূলের দখলে এসেছে ১৮টি (Panchayat Election Result 2023)। আইএসএফ এবং জমিরক্ষা কমিটির জোট পেয়েছে একটি মাত্র পঞ্চায়েত। ভাঙড়-২ ব্লকের দুটি জেলা পরিষদের আসনের ফল ঘোষণা বাকি রয়েছে। তার আগেই পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ায় আইএসএফ। বুধবার সকালেও দেখা গেছে পরিস্থিতি থমথমে। বিশাল পুলিশবাহিনী মোতায়েন হয়েছে এলাকায়। জারি রয়েছে ১৪৪ ধারা।