
শেষ আপডেট: 12 July 2023 04:19
দ্য ওয়াল ব্যুরো: ভোট-হিংসায় প্রাণহানি বেড়েই চলেছে (Panchayat Election Result 2023)। ভোট গণনা এখনও শেষ হয়নি। তার আগেই ফের হিংসার ঘটনা ঘটল দক্ষিণ ২৪ পরগনার রায়দিঘিতে। এক তৃণমূল কর্মীকে কুপিয়ে খুন করা হয়েছে বলে অভিযোগ। রায়দিঘির (Raidighi) চাঁদপাশা এলাকায় পুকুরের পাড় থেকে উদ্ধার হয় ওই তৃণমূল কর্মীর দেহ। ঘটনায় বিজেপির দিকে অভিযোগের আঙুল তুলেছে তৃণমূল।
ভোট-সন্ত্রাসে অগ্নিগর্ভ উত্তর ২৪ পরগনার ভাঙড়। মঙ্গলবার মাঝরাত থেকে দফায় দফায় বোমাবাজি হচ্ছে। এক পুলিশ কর্তা ও তাঁর দেহরক্ষী গুলিবিদ্ধ, দুই আইএসএফ কর্মীর মৃত্যুর খবরও মিলেছে। এর মধ্যেই রায়দিঘি থেকে হিংসার খবর এল। জানা গেছে, নিহত তৃণমূল কর্মীর নাম বিপ্লব হালদার। গতকাল রাত থেকেই নিখোঁজ ছিলেন তিনি। এলাকায় খোঁজ চালিয়েও কোনও লাভ হয়নি। সকালে নজরে পড়ে দেহ। পুলিশ জানিয়েছে, মৃতের কানের পাশে আঘাতের দাগ দেখা গেছে।
রক্তাক্ত দিনহাটা, বোমা ফেটে ঝলসে গেল কিশোর, জখম আরও এক
ঘটনাকে ঘিরে চাঁদপাশায় সংঘর্ষে জড়িয়েছে তৃণমূল ও বিজেপি কর্মী-সমর্থকরা। এলাকার স্থানীয় তৃণমূল নেতৃত্ব জানাচ্ছে, বিপ্লববাবু তৃণমূলের সক্রিয় কর্মী ছিলেন। তাঁকে খুন করেছে বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা। স্থানীয় তৃণমূল বিধায়ক অলোক জলদাতার দাবি, চাঁদপাশায় দলের বড় সংগঠন গড়ে তুলেছিলেন বিপ্লব হালদার। যদিও ওই এলাকায় বিজেপির জয় হয়েছে। তৃণমূল বিধায়কের অভিযোগ, বুথে জিতে তৃণমূল কর্মীকে খুন করেছে বিজেপির লোকেরা। এই অভিযোগ অস্বীকার করেছে গেরুয়া শিবির। তাদের দাবি, এই ঘটনায় দলের কোনও যোগ নেই। পুলিশ তদন্ত শুরু করেছে।