
শেষ আপডেট: 11 July 2023 05:08
দ্য ওয়াল ব্যুরো: ভোট সন্ত্রাসের ভয়ঙ্কর ছবি দেখেছে মুর্শিদাবাদ। মনোনয়ন পর্বের শুরু থেকে ভোটের দিন পর্যন্ত মোট ৩০ দিনে মুর্শিদাবাদে সব মিলিয়ে ১০ জনের মৃত্যু হয়েছে। তার মধ্যে শনিবারই মৃত্যু হয় চার জনের। ভোট গণনার (Panchayat Election Counting) দিনেও হিংসার ঘটনা ঘটল মুর্শিদবাদের হরিপরপাড়ায় (Panchayat Election 2023 Result )। অভিযোগ, গণনাকেন্দ্রে আসার পথে তৃণমূল প্রার্থী ও তাঁর স্বামীকে রাস্তায় বেধড়ক মারধর করা হয়েছে। গাড়ি ভাঙচুর করার অভিযোগ উঠেছে।
মুর্শিদাবাদের হরিহরপাড়া থানার রুকুনপুর হাইস্কুল মোড় সংলগ্ন এলাকায়। সূত্রের খবর, ভোট গণনাকেন্দ্রে আসার পথে আক্রান্ত হন হরিহরপাড়ার গোবিন্দপুরের গ্রাম পঞ্চায়েতের প্রার্থী মামনি বিবি ও তার স্বামী মহিবুল মণ্ডল। অভিযোগ, মহিলা প্রার্থী ও স্বামীকে আটকে রেখে হেনস্থা করা হয়। তাঁদের বেধড়ক মারা হয়েছে বলেও অভিযোগ। তৃণমূলের তরফে এই অভিযোগ আনা হয়েছে সিপিএমের বিরুদ্ধে।
গণনার সকালেও অশান্তি, ডায়মন্ড হারবারে বোমাবাজি, আমডাঙায় সিপিএম প্রার্থীকে অপহরণের অভিযোগ
স্থানীয় তৃণমূল নেতৃত্বের দাবি, তাঁদের প্রার্থী গণনাকেন্দ্রে যাচ্ছিলেন। সেই সময় তাঁদের গাড়ি আটকায় সিপিএমের কর্মী-সমর্থকরা। রাস্তায় তাঁদের মারধর করা হয়েছে বলে অভিযোগ। এমনকী তাঁদের গাড়িও ভাঙচুর করার অভিযোগ করা হয়েছে। পরিস্থিতি সামলা দিতে ঘটনাস্থলে পৌঁছেছে হরিহরপাড়ার থানার পুলিশ।
ভোট গণনার দিন সকাল থেকেই বিক্ষিপ্ত অশান্তির খবর আসছে নানা জেলা থেকে। জাঙ্গিপাড়ায় আক্রান্ত হয়েছেন সিপিএম প্রার্থী। অভিযোগ, গণনাকেন্দ্রে সিপিএম ও আইএসএফের কাউন্টিং এজেন্টদের মেরে বের করে দেওয়া হয়েছে। য়েকজন সিপিএম কর্মী আহত হয়েছেন, তাঁদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। পরিস্থিতি সামলাতে এসে পুলিশের বিরুদ্ধে লাঠিচার্জ করার অভিযোগ উঠেছে। যদিও পুলিশ ও শাসক দল সব অভিযোগ অস্বীকার করেছে।