
শেষ আপডেট: 27 July 2023 16:51
দ্য ওয়াল ব্যুরো: পঞ্চায়েত ভোট (WB panchayat election) নিয়ে আদালতে ইতিমধ্যেই একাধিক মামলা বিচারাধীন রয়েছে। যার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ঝুলে রয়েছে জয়ী প্রার্থীদের 'ভাগ্য'। সেসবের মধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগেই বিধানসভায় পঞ্চায়েত বোর্ড গঠনের (Panchayat board formation) কথা ঘোষণা করেছিলেন। ১৬ তারিখের মধ্যে সেই বোর্ড গঠন করতে হবে বলে জানিয়েছিলেন তিনি। সেই মোতাবেক বৃহস্পতিবার বোর্ড গঠনের জন্য নোটিফিকেশন জারি করল রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দফতর।
উল্লেখ্য, এবারের পঞ্চায়েত ভোটে বিস্তর গরমিল ও কারচুপির অভিযোগ ওঠার পর সেই নিয়ে কলকাতা হাইকোর্ট একের পর এক মামলা দায়ের হয়। কেন্দ্রীয় বাহিনীকে ঠিকমতো মোতায়েন করা হয়নি, এমন দাবি তুলে রাজ্য নির্বাচন কমিশনের বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হয়েছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেরকমই একটি মামলার শুনানিতে হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম সাফ জানিয়েছিলেন, পঞ্চায়েত ভোটে জয়ী প্রার্থীদের ভাগ্য নির্ধারণ করবে আদালত। অর্থাৎ আদালতের রায়ের উপরেই নির্ভর করবে ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনে বিজয়ী প্রার্থীরা সত্যিই বিজয়ী থাকবেন কিনা। সেই সঙ্গে পঞ্চায়েত বোর্ড গঠন নিয়েও জটিলতা তৈরি হয়েছিল। তবে শেষমেশ সেই জট কাটিয়ে বোর্ড গঠনের জন্য নোটিফিকেশন প্রকাশ করা হল।
আদালতকে যাঁরা বোকা ভাবছেন, তাঁরা ‘কিং’ নন! এসএসসিকে তুলোধনা বিচারপতি গঙ্গোপাধ্যায়ের