
শেষ আপডেট: 27 November 2022 11:10
মায়ের গর্ভে থাকলেও, মায়ের নাড়ি থেকে তার জন্ম নয়। পেটের ভিতরেই সাপের সঙ্গে সহবাস তার। সে যেন সাপেরই অংশ। মনসা কন্যা নয় সে, নাগিন কন্যা! তার জন্মলগ্ন থেকেই জড়িয়ে আছে সাপ। কে এই মেয়ে? নীলকণ্ঠর মন্দিরে নাগপঞ্চমী তিথিতে জন্ম তার, নাম পঞ্চমী। তার গল্প নিয়েই আসছে নতুন বাংলা সিরিয়াল, 'পঞ্চমী' (Panchami Serial)। স্টার জলসার (Star Jalsa) এই নতুন মেগায় মুখ্য চরিত্রে অভিনয় করছেন ছোট পর্দার অপু অর্থাৎ অভিনেত্রী সুস্মিতা দে। 'নাগিন' (Snake) হিন্দি ধারাবাহিকের জনপ্রিয়তার পর বাংলাতেও আসছে নতুন সাপের সিরিয়াল।

প্রোমোতে দেখা যাচ্ছে, যন্ত্রণায় কাতর হয়ে মন্দিরে বাচ্চা প্রসব করেন এক মহিলা। কিন্তু সদ্যোজাতকে দেখে চমকে ওঠেন পুরোহিত, কৌশিক বন্দ্যোপাধ্যায়। শিশুটির শরীর মায়ের নাড়ির সঙ্গে আটকে নেই, সেখানে রয়েছে একটি জীবন্ত সাপ! এর পরেই অন্য দৃশ্য, দেখা যাচ্ছে সাপের ভাষা বোঝে পঞ্চমী তথা সুস্মিতা। কীভাবে? জমিদারগিন্নিকে ছোবল মারতে আসে সাপ, পঞ্চমী তাকে সাবধান করে! তার অনুরোধে চলে যায় সাপটি! প্রাণ বাঁচে জমিদারগিন্নির। এদিকে পঞ্চমী নিজেও জানে না যে, সে সাধারণ মানুষ নয়। অবাক হয়ে সে নিজেও সে উত্তর খুঁজতে থাকে, কীভাবে সাপ তার ভাষা বুঝল!
সুস্মিতাকে নতুন রূপে গ্রামের মেয়ের সাজে দেখা যাবে এই সিরিয়ালে। প্রথমে পঞ্চমী চরিত্র করার কথা ছিল নবনীতা দাসের। কিন্তু সুস্মিতার মুখের মধ্যে যে দেবী মুখের ছাপ আছে, তাই দেখেই তাঁকে নায়িকা হিসেবে নির্বাচন করেছেন মেগা-পরিচালক সাহানা দত্ত। সুস্মিতার বিপরীতে অনেক দিন পরে সিরিয়ালে ফিরলেন রাজদীপ গুপ্ত। সেই 'ওগো বধূ সুন্দরী' সিরিয়ালে ঈশানের চরিত্রে প্রথম নজর কাড়েন রাজদীপ। ঋতাভরীর বিপরীতে সুন্দর মানিয়েছিল তাঁকে। এর পর বহু ওয়েব সিরিজ করলেও সিরিয়ালে তাকে দেখা যাইনি। রাজদীপ-সুস্মিতা জুটি এবার আসছে ছোটপর্দা মাতাতে।

ধারাবাহিকের গল্প লিখেছেন সাহানা নিজেই। তিনি বললেন, "পঞ্চমী আজকের পটভূমিতে দাঁড়িয়ে এক রূপকথা। পঞ্চমী চরিত্রের জন্য আমাদের একটা সরলতার দরকার ছিল, যেটা সুস্মিতার মুখে খুঁজে পাই। ওঁর মুখে একটা দেবী-দেবী ছাপও আছে। এটা বহু বছর আগে আমার পায়েল দে-কে দেখে মনে হয়েছিল, দুর্গা সিরিয়াল করার সময়। সুস্মিতাকে দেখেও মনে হয়েছিল, এই আমার পঞ্চমী। রাজদীপের চরিত্রটা কিঞ্জলের, যে বিলেত থেকে ফিরে এসে সবাইকে মাতিয়ে রাখে, কিন্তু তার সাপ কাটার ফাঁড়া আছে। সেটা থেকেই তাকে রক্ষা করবে পঞ্চমী। এরপরে গল্প এগোবে অডিয়েন্স কেমন চাইছে, তার ওপর।"

হিন্দিতেও 'নাগিন' সিরিয়াল হয়েছে, এবার বাংলায় এমন সাপের সিরিয়াল। দুটো কতটা আলাদা? বাঙালি কীভাবে নেবে?
সাহানা এই বিষয়ে বললেন, "হিন্দিতে তো অনেক দিন ধরে এইসব সিজন চলেছে। আমার মনে হয়েছে, হিন্দিতে গিমিক-চটক বেশি। আমার বাংলা গল্পে গিমিক নেই, আবেগ আছে ভক্তি আছে। বাংলা সিরিয়াল পঞ্চমী শুধু সাপের বা নাগিনের গল্প নয়, ভক্তিরও গল্প।"
স্টার জলসায় 'পঞ্চমী' সিরিয়াল দেখা যাবে আগামী ৫ ডিসেম্বর থেকে। সোম থেকে শুক্র রাত সাড়ে আটটায় আসবে এই মেগা। শোনা যাচ্ছে, চলতি সিরিয়াল 'এই পথ যদি না শেষ হয়' শেষ করে দেওয়া হবে, তার জায়গাতেই আসবে পঞ্চমী।
‘কাজের জন্য ইন্ডাস্ট্রিতে বন্ধুত্ব করতে পারি না,’ উত্তমকুমারের নাতনি নবমিতার কামব্যাক