
শেষ আপডেট: 21 December 2022 15:19
দ্য ওয়াল ব্যুরো, শিলিগুড়ি: পাকিস্তানের চর সন্দেহে ( Pak Spy ) এক যুবককে পাকড়াও করল এসটিএফ। বুধবার এনজেপি সংলগ্ন ভারতনগর থেকে তাকে গ্রেফতার করে স্পেশাল টাস্কফোর্স (STF) ।
বিহারের চম্পারণের বাসিন্দা গুড্ডুকুমার। ইন্টেলিজেন্স ব্যুরোর তথ্য অনুযায়ী শিলিগুড়ি ও সেবক সংলগ্ন যে সেনা ছাউনি রয়েছে সেখানকার খবরাখবর পাকিস্তানে পাচার করত গুড্ডুকুমার৷ তার মোবাইল টাওয়ার ট্র্যাক করে বুধবার এনজেপি থেকে তাকে গ্রেফতার করে৷ এদিনই তাকে জলপাইগুড়ি আদালতে ( Jalpaiguri Court ) তোলা হয়। তারপরেই তাকে ১৪ দিনের হেফাজতে নিয়েছে এসটিএফ।
এসটিএফের ডিএসপি সুদীপ ভট্টাচার্য বলেন, “বুধবারই তাকে গ্রেফতার করে কোর্টে তোলা হয়েছে। ১৪ দিনের হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। তবে তদন্তের স্বার্থে এখনই সবটা বলা সম্ভব নয়।”
এর আগে নভেম্বর মাসের সাত তারিখ আল কায়দা (Al-Qaeda) জঙ্গি (terrorist) সন্দেহে কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্সের হাতে গ্রেফতার হয় এক যুবক। মনিরুদ্দিন খান নামে ওই যুবককে দক্ষিণ ২৪ পরগনার মথুরাপুর থেকে গ্রেফতার করে এসটিএফ। এসটিএফ সূত্রে পাওয়া খবর অনুযায়ী, আল-কায়েদা, এবিটি, একিউআইএস সহ একাধিক জঙ্গি সংগঠনের হয়ে লজিস্টিকের কাজ করত ২০ বছর বয়সের মনিরুদ্দিন। জঙ্গিদের জাল ভারতীয় পরিচয়পত্র বানিয়ে দেওয়া, তা ব্যবহার করে একাধিক সিমকার্ড জোগাড় করা এবং ব্যাঙ্ক অ্যাকাউন্ট তৈরি করে দেওয়ার বিষয়েও ওস্তাদ ছিল ওই যুবক।
বিপদজ্জনক ফরাক্কার কেদারনাথ ব্রিজ, ভারী যান চলাচলে নিয়ন্ত্রণ প্রশাসনের
তার আগে ১৬ সেপ্টেম্বরও জঙ্গি সন্দেহে কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্সের জালে ধরা পড়ে মালদহের এক যুবক। উত্তরপ্রদেশের সাহারানপুর থেকে হাসনাত শেখ নামে ওই যুবককে গ্রেফতার করেন গোয়েন্দারা। ২০১৫ সালে বাংলাদেশের ব্লগার অভিজিৎ রায়ের খুনের পেছনে হাসনাতের হাত ছিল বলে সন্দেহ গোয়েন্দাদের।
পরের পর বেশ কয়েকজন জঙ্গি গ্রেফতারের পর এবার এসটিএফের জালে পাক চর সন্দেহে ধরা পড়ল ওই যুবক। তাকে জিজ্ঞাসাবাদ করে চক্রের অন্যদের খোঁজ পেতে চাইছেন গোয়েন্দারা।