চা বাগান থেকে বেরিয়ে ঝাঁপিয়ে পড়ল চিতাবাঘ, আঁচড়ে-কামড়ে রক্তাক্ত যুবক, আতঙ্ক বক্সা লাগোয়া রায়ডাকে
দ্য ওয়াল ব্যুরো, আলিপুরদুয়ার: জলদাপাড়ার পর এ বার চিতাবাঘের আতঙ্ক ছড়াল বক্সা ব্যাঘ্র প্রকল্পের জঙ্গল লাগোয়া রায়ডাক চা বাগানে। বৃহস্পতিবার বেলা দুপুরে চিতাবাঘের হানায় গুরুতর জখম হয়েছেন কুলবীর খালকো নামে এক যুবক। বছর বত্রিশের ওই যুবকের মাথা
শেষ আপডেট: 6 March 2019 18:30
দ্য ওয়াল ব্যুরো, আলিপুরদুয়ার: জলদাপাড়ার পর এ বার চিতাবাঘের আতঙ্ক ছড়াল বক্সা ব্যাঘ্র প্রকল্পের জঙ্গল লাগোয়া রায়ডাক চা বাগানে। বৃহস্পতিবার বেলা দুপুরে চিতাবাঘের হানায় গুরুতর জখম হয়েছেন কুলবীর খালকো নামে এক যুবক। বছর বত্রিশের ওই যুবকের মাথা ও পিঠে গভীর ক্ষত রয়েছে। আশঙ্কাজনক অবস্থায় তাঁর চিকিৎসা চলছে স্থানীয় যশোডাঙা হাসপাতালে।
স্থানীয় সূত্রে খবর, রায়ডাক চা বাগান এলাকায় চিতাবাঘের দৌরাত্ম্যের ঘটনা আগে কখনও ঘটেনি। মোটামুটি নিশ্চিন্তই ছিলেন এলাকার লোকজন। এ দিনের ঘটনায় রীতিমতো ঘুম উড়ে গেছে এলাকাবাসীর।
কুলবীর লঙ্কাপাড়া গ্রামের বাসিন্দা। তাঁর দাদা আনন্দ কুমার খালকো রায়ডাক চা বাগানের শ্রমিক। দাদার সঙ্গে দেখা করতেই এ দিন দুপুর নাগাদ রায়ডাকে আসেন তিনি। চা বাগানের ভিতর দিয়ে সরু পথ ধরে যাওয়ার সময়েই আচমকা তাঁর উপর ঝাঁপিয়ে পড়ে চিতাবাঘ। কোনও রকমে বাঘটিকে ধাক্কা দিয়ে ফেলে পাশেরই একটি নালায় গিয়ে লুকোবার চেষ্টা করেন কুলবীর। কিন্তু পারেননি। নালার উপর দিয়ে থাবার ঘায়ে তাঁকে ক্ষতবিক্ষত করে দেয় চিতা। পরে স্থানীয়রা লাঠি নিয়ে ছুটে এলে পালিয়ে যায় চিতা। কুলবীরকে উদ্ধার করে যশোডাঙা হাসপাতালে ভর্তি করা হয়। তাঁর মাথায় ১৪টা সেলাই হয়েছে বলে হাসপাতাল সূত্রে খবর।
ঘটনা প্রসঙ্গে বক্সা ব্যাঘ্র প্রকল্পের ক্ষেত্র অধিকর্তা শুভঙ্কর সেনগুপ্তকে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, “আমি বিষয়টি এখনও জানিনা। খোঁজ নিয়ে দেখছি।”
শুধু জলদাপাড়া বা বক্সা ব্যাঘ্র প্রকল্প নয়, উত্তরবঙ্গের সব জঙ্গলেই এখন ছবিটা এক। বন লাগোয়া এলাকায় চিতাবাঘের দৌরাত্ম্য রীতিমতো ঘুম কেড়েছে বাসিন্দাদের। মানুষ আর চিতাবাঘের মোলাকাত হচ্ছে নিত্যই। লোকালয়ে ঢুকে পড়ার শাস্তি হিসেবে পিটিয়ে, বিষ খাইয়ে চিতাবাঘ মেরে ফেলার ঘটনা ঘটছে আকছার। লেগে আছে দুর্ঘটনাও। গত তিন মাস ধরে চিতাবাঘের হামলায় নাভিশ্বাস উঠেছে মাদারিহাটের হাণ্টাপাড়া, গ্যারগাণ্ডা, ধুমচিপাড়া ও রামঝোড়া চা বাগানের বাসিন্দাদের। তিন মাসে চিতাবাঘের আক্রমণে প্রাণ হারিয়েছেন দুই শিশু ও এক কিশোর। জখম হয়েছেন চারজন। তাঁদের মধ্যে একজন ৭০ বছরের বৃদ্ধ। এক কিশোরও রক্তাক্ত হয়েছিল চিতাবাঘের থাবায়। বরাতজোরে বেঁচে গিয়েছে সে। খাঁচা পেতে, ২৪ ঘণ্টা টহলদারির ব্যবস্থা করেও কোনও মতেই চিতাবাঘের হানা রুখতে পারছিল না বন দফতর।
আরও পড়ুন:
https://www.four.suk.1wp.in/news-national-adult-leopard-strayed-into-residential-colony-panic-gripped-in-ramnagar-palwal/