
শেষ আপডেট: 27 October 2022 10:21
দ্য ওয়াল ব্যুরো, উত্তর ২৪ পরগনা: মুখে রয়েছে আস্ত একটা জলপাইয়ের আঁটি (Olive)। সেই নিয়ে স্নান-খাওয়া থেকে শুরু করে নিত্যদিনের কাজকর্ম করেন তিনি। এক-দু'দিনের গল্প নয়। টানা ২৬ বছর এভাবেই দিন কাটাচ্ছেন তিনি! শুনতে অবাক লাগলেও এটাই সত্যিই। দিদিকে দেওয়া কথা রাখতে ২৬ বছর আগে এক ভাইফোঁটার দিনে একটি জলপাইয়ের আঁটি মুখে পুরেছিলেন।
সেই বোন আজ আর বেঁচে নেই। কিন্তু উত্তর ২৪ পরগনার অশোকনগরের (Ashok Nagar) কচুয়া মোড়ের জয়দেব বিশ্বাস আজও ভোলেননি দিদিকে দেওয়া প্রতিশ্রুতির কথা। বিদ্যুৎবণ্টন বিভাগের প্রাক্তন কর্মী জয়দেব, প্রতিবছর ভাইফোঁটা নিতেন অগ্নিবীণাদেবীর কাছ থেকে। কিন্তু ১০ বছর আগে অগ্নিবীণাদেবী মারা গেলেও বোনের কাছে দেওয়া কথা ভোলেননি আজও।
কিন্তু বোনের কাছে এমন কেন প্রতিজ্ঞা করেছিলেন জয়দেববাবু?
১৯৯৬ সালের ভাইফোঁটার দিন বোনের কাছে পাত সাজিয়ে খেতে বসেছিলেন জয়দেব। সেদিন অগ্নিবীণা তাঁর ভাইয়ের জন্য ভাত-ডাল-মাছ-মাংস রেঁধেছিলেন। শেষপাতে ছিল জলপাইয়ের চাটনি। বোনের হাতে এই চাটনি খুব মনে ধরেছিল জয়দেববাবুর।
তখন মজা ছলেই অগ্নিবীণাদেবী ভাইকে বলেছিলেন যখন তাঁর হাতের চাটনি এত পছন্দ তখন এই জলপাইয়ের আঁটি কয়েকদিন মুখে রেখে দিতে পারবে কিনা? বোনের এই মুখের কথা মাটিতে পড়ার আগেই লুফে নেন জয়দেববাবু।
সেই থেকেই মুখের মধ্যে সেই আঁটি রেখে দিয়েছেন তিনি। বছরের পর বছর এভাবেই দিন কাটাচ্ছেন তিনি। প্রথম প্রথম কিছুটা অস্বস্তিতে পড়েছিলেন তিনি। কেটে যেত মুখগহ্বর। তবে বোনের কথা ভেবে এই আঁটি ফেলতে পারেননি। বোনের স্মৃতি আঁকড়ে বাকি জীবন কাটিয়ে দিতে চান জয়দেব বিশ্বাস।
দিদির বাড়ির ভাইফোঁটায় কাটছাঁট, বড় চমক মুকুল, দ্য ওয়াল আগেই লিখেছিল