
শেষ আপডেট: 20 August 2022 18:39
দ্য ওয়াল ব্যুরো: রাস্তার ধারে পড়ে ছিল বস্তা (Sack)। নড়াচড়া দেখে স্থানীয়দের সন্দেহ হয়। টানাটানি করতেই বস্তার মধ্যে থেকে যা বেরোল, তাতে চোখ কপালে উঠল এলাকাবাসীর। বস্তার মুখ খুলতে দেখা গেল ভিতরে বদ্ধ ছিলেন এক বৃদ্ধা (Old Woman)!
ঘটনাটি ঘটেছে শনিবার রাত ৯টা নাগাদ চুঁচুড়ার (Chinsura) প্রিয়নগর এলাকায়। জিটি রোডের ধারে এদিন বস্তাবন্দি কিছু পড়ে থাকতে দেখা যায়। প্রাথমিকভাবে স্থানীয় বাসিন্দারা ভাবেন, অপ্রয়োজনীয় কিছু বস্তায় করে ফেলে দিয়ে গেছে কেউ। কিন্তু বস্তার নড়াচড়া দেখে তাঁদের সন্দেহ হয়। টানাটানি করতেই ভেতর থেকে বেরিয়ে আসেন সাদা চুলের এক বৃদ্ধা।
প্রাথমিকভাবে ভয় পেয়ে যান স্থানীয়রা। সেই সময় প্রদীপ্ত ঘোষ নামে এক ব্যক্তি যাচ্ছিলেন রাস্তা দিয়ে। তাঁর মা রাখী ঘোষ চুঁচুড়া থানায় কর্মরত। প্রদীপ্ত বাবু মাকে ফোন করে পুরো ঘটনা জানান। তিনি বস্তাবন্দি বৃদ্ধাকে কেক কিনে খেতেও দেন। ছেলের থেকে সব শুনে একজন অফিসারের সঙ্গে ঘটনাস্থলে এসে পৌঁছান রাখী ঘোষ।
প্রিয়নগরে পৌঁছে দেখা যায়, ভিড় জমে গেছে এলাকায়। বৃদ্ধাকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পারে তাঁর নাম অন্নু কুমারী। হিন্দিভাষী ওই বৃদ্ধার বাড়ি অশোকনগরে। ট্রেনে করে তাঁকে প্রিয়নগরে এনে ফেলে দেওয়া হয়। কিন্তু কীভাবে তিনি এখানে এলেন, কে বা কারা তাঁকে এভাবে ফেলে দিয়ে গেছে, সেই বিষয়ে কিছু জানাতে পারেননি বৃদ্ধা। বাড়ির লোকের ব্যাপারে জিজ্ঞাসা করলে অসংলগ্ন কথাবার্তা বলতে শুরু করেন তিনি।
তাঁকে চিকিৎসার জন্য হুগলির ইমামবাড়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। বৃদ্ধার বাড়ির লোকের খোঁজ শুরু করেছে পুলিশ।
ছেলে-মেয়ে একসঙ্গে ক্লাসে বসা বিপজ্জনক! দাবি কেরলের মুসলিম সংগঠনের নেতার