
শেষ আপডেট: 17 April 2023 06:20
দ্য ওয়াল ব্যুরো, উত্তর ২৪ পরগণা: রামনবমীকে কেন্দ্র করে উত্তপ্ত হয়েছিল হাওড়া ও হুগলি। দুই গোষ্ঠীর অশান্তির জেরে ১৪৪ ধারা জারি হয়েছিল। এমনকি হনুমান জয়ন্তীতে বাংলায় যাতে কোনও ঝামেলা না হয় সেকারণে কেন্দ্রীয় বাহিনী নেমেছিল রাস্তায়। এর সম্পূর্ণ উল্টো ছবি দেখা গেল উত্তর ২৪ পরগণার বাদুরিয়ার ইফতার মজলিসে। দিলীপ কুমার হাই স্কুল মাঠে এই অনুষ্ঠান হয়। সেখানে হিন্দু, মুসলিম, খৃষ্টান, বৌদ্ধ সব ধর্মের মানুষ ইফতারে (Iftar) এসে সম্প্রীতির বার্তা দিলেন। এই ইফতার অনুষ্ঠানে হাজির ছিলেন বসিরহাটের সাংসদ নুসরত জাহান (Nusrat)।
নুসরত জানান, এই ইফতার মজলিস কোনও রাজনৈতিক উৎসব নয়। শুধু মুসলিমরা নন, সব ধর্মের মানুষ এখানে হাসি মুখে এসেছেন। একসঙ্গে সকলে ইফতার করবেন। এখানে রাজনীতির রঙ না লাগানোই ভাল।
বাংলা সব ধর্মের সংস্কৃতির পীঠস্থান। তবে ধর্মের উস্কানি দিয়ে বাংলাকে অশান্ত করতে চাইছে যারা, আগামী পঞ্চায়েত নির্বাচনে মানুষ তাদের প্রত্যাখ্যান করবে। এমনটাই মত নুসরতের। রামনবমীতে রিষড়ায় যা হল তা কাম্য নয় বলেই মনে করেন বসিরহাটের সাংসদ।
প্রসঙ্গত, এই ইফতার মজলিসে কয়েক হাজার মানুষ অংশগ্রহণ করে। আর এই অনুষ্ঠানে প্রায় ১০০ জন বিশেষ চাহিদাসম্পন্ন মানুষকে ট্রাই সাইকেল বিতরণ করা হয়।
অভিষেককে নিয়ে বিচারপতি গঙ্গোপাধ্যায়ের নির্দেশে অন্তবর্তী স্থগিতাদেশ সুপ্রিম কোর্টের, শুনানি চলবে