দ্য ওয়াল ব্যুরো: এমনিতেই তাঁকে এখন জমিয়ে গসিপ চলছে। নিখিল জৈনের সঙ্গে তাঁর বিয়ে কি ভেঙে যাচ্ছে, যশের সঙ্গে শাখা সিঁদুরে দক্ষিণেশ্বর মন্দিরে কেন ইত্যাদি প্রভৃতি নিয়ে কৌতূহলের অন্ত নেই অনেকেরই।
সেই তিনি, তৃণমূলের বসিরহাটের সাংসদ ও অভিনেত্রী নুসরত জাহান জুহি শুক্রবার সোশাল মিডিয়ায় একটি ফটো পোস্ট করতেই হই হই। ফের তির্যক মন্তব্যের স্রোত বইতে শুরু করে দিল।
কী ব্যাপার?
নুসরত একটি ছবি শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়ায়। তাতে দেখা যাচ্ছে একটি কালো সোফায় শর্ট ড্রেস পরে পায়ের উপর পা তুলে বসেছেন তিনি। ডান হাতে মোবাইল আর বাঁ হাতে সাদা ফ্রেমের চশমা। ছবির ক্যাপশনে বসিরহাটের সাংসদ লিখেছেন, "ফুড ফর থট: আমাকে এ ব্যাপার থেকে কেউ আটকাতে পারবে না...আমার খুশি থাকা।''
ব্যস! তার পরেই ধেয়ে আসতে থাকে নানারকম মন্তব্য। সাংসদের পোশাক কেন এত খোলামেলা তা নিয়ে তীব্র আক্রমণ শানিয়েছেন কেউ কেউ। সেই সব মতামতে শালীনতার মাত্রাও ছাড়িয়ে গিয়েছে কোথাও কোথাও।
নুসরত হয়তো এতোদিনে এসবে অভ্যস্ত। হয়তো সত্যিই ভাবলেশহীন থাকেন। তবে কখনও কখনও কড়া জবাবও দিতে দেখা যায় তাঁকে। অতীতে শর্টস আর স্পোর্টস ইনার পরে টিকটক ভিডিও নিয়েও তীব্র জলঘোলা হয়েছিল। এমনকি সিপিএম রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্রও তা নিয়ে খোঁচা দিয়েছিলেন।
তা ছাড়া ইসকনে রথ টানা থেকে স্বামী নিখিলকে নিয়ে সুরুচিতে অঞ্জলি কিংবা চালতাবাগানে সিঁদুর খেলা- মৌলবাদীদের তোপের মুখে পড়তে হয়েছিল নুসরতকে।
সে সব মৌলবাদী প্রশ্নের মুখে পড়ে সাহসী সাংসদ বারবারই বলেছেন, স্বাধীন দেশে মানুষ কি খাবে, কি পরবে সেটা তাঁর মৌলিক অধিকার। কারও নাক গলানোর এক্তিয়ার নেই।
কিন্তু কে সে সব শুনছে। তা ছাড়া সেলিব্রিটিদের উপর নজর একটু বেশিই থাকে। যশ দাশগুপ্তর সঙ্গে তাঁর রাজস্থান যাওয়া কিংবা বার্থ ডে পার্টিতে নিখিলের অনুপস্থিতি এবং যশের আলো করে থাকা সব নিয়ে যখন জোর চর্চা চলছে তার মধ্যেই এদিন পোস্টটি করেছিলেন নুসরত। বোঝাতে চেয়েছিলেন, তিনি ভাল থাকবেনই। হয়তো তার মধ্যেও কোনও নিহিত অর্থ ছিল। কিন্তু ছবি বিতর্কে আপাতত সেটা চলে গেল পিছনে।