
শেষ আপডেট: 8 June 2022 08:44
দ্য ওয়াল ব্যুরো: বন্ধুরা কেউ আসেনি। স্বনির্ভর স্ত্রীর ডানহাত কেটে (Nurse Attack) নিতে দুই ভাড়াটে দুষ্কৃতী নিয়ে এসেছিল সরিফুল মহম্মদ। কেতুগ্রামের তরুণী নার্স রেণু খাতুনের স্বামী সরিফুলকে জেরা করে তেমনই অনুমান পুলিশের।
সরিফুলের মা-বাবাকে জেরা করেই পুলিশ জানতে পেরেছিল সীমান্তবর্তী এলাকা দিয়ে সরিফুল ভিন্ রাজ্যে গা ঢাকা দেবে। তারপর থেকেই মুর্শিদাবাদ ও বীরভূম জেলার সীমান্ত এলাকায় নজরদারি চালাচ্ছিল পুলিশ। মঙ্গলবার বিকেল নাগাদ পূর্ব বর্ধমান-মুর্শিদাবাদ সীমান্ত এলাকার হলদি গ্রামের কাছ থেকে তাকে গ্রেফতার করা হয়। রাতভর জেরায় যে তথ্য পুলিশের হাতে উঠে এসেছে, তার থেকেই পুলিশের অনুমান, স্ত্রীর হাত কাটতে ভাড়াটে খুনি নিয়ে এসেছিল সে।
পুলিশের প্রাথমিক তদন্তে জানা গিয়েছিল, দুজন বন্ধুকে সঙ্গে নিয়ে এমন নৃশংস কাণ্ড ঘটিয়েছে শরিফুল। তার এক বন্ধুকে থানায় ডেকে এনে প্রায় দেড়ঘণ্টা জিজ্ঞাসাবাদ করে পুলিশ। তারপরেই পুলিশের ধন্দ কাটে। এরপর শরিফুল ধরা পড়তেই তাকে জিজ্ঞাসাবাদ করে এ ভাড়াটে গুন্ডার উপস্থিতির ব্যাপারে অনেকটাই নিশ্চিত হয় পুলিশ। বুধবার কাটোয়া আদালতে পেশ করা হয় ধৃতকে। এদিনই ঘটনার পুনর্নির্মাণ করতে চায় পুলিশ।
গৃহহিংসা নতুন নয়। বিরল নয় বধূ নির্যাতন। স্ত্রীর আত্মনির্ভর হতে চাওয়ার মুখে স্বামীর প্রতিহিংসাত্মক আচরণও আকছার ঘটে। কিন্তু তাই বলে মুখে বালিশ চাপা দিয়ে কাঁচি দিয়ে স্ত্রীর হাতের কব্জি কেটে দেওয়া! তদন্তে নেমে শিউরে উঠছেন তদন্তকারীরাই। বিস্ময়ও বাড়ছে পরতে পরতে। স্ত্রী সরকারি নার্সের চাকরি পেয়ে সংসার ছেড়ে চলে যাবেন-- এই আশঙ্কার জেরেই এত বড় কাণ্ড! নাকি এর পিছনে আর কোনও কারণ আছে? সেটাই এখন ভাবিয়ে তুলেছে দুঁদে পুলিশ কর্তাদের।
মঙ্গলবার রাতে গ্রেফতার হওয়া সরিফুলকে তাই দফায় দফায় জিজ্ঞাসাবাদ করে পুলিশ বেশ কিছু প্রশ্নের উত্তর পেতে চাইছে। নিছক কি স্ত্রীর হাত কেটে তাকে শাস্তি দিতে চেয়েছিল, নাকি খুন করতে চেয়েছিল স্ত্রীকে? ডিপ্লোমা ইঞ্জিনিয়ার হয়েও চাকরি না পেয়েই কি এমন ঈর্ষা? নাকি বৈবাহিক সম্পর্কে চিড়? খতিয়ে দেখছে পুলিশ।
৯ বছরের ছেলেকে নিয়ে কাঞ্চন-পিঙ্কির দ্বন্দ্ব তুঙ্গে! হাইকোর্টে মামলা দায়ের