
শেষ আপডেট: 11 March 2023 10:45
দ্য ওয়াল ব্যুরো: সাগরদিঘিতে তৃণমূলের নৌকো ডুবিয়েছেন তিনি। আবার শিবরাত্রির সলতের মতো বিধানসভায় কংগ্রেস বিধায়ক বলতেও একমাত্র তিনি। সেই বাইরন বিশ্বাস (Bayron Biswas) শনিবার বিধানসভায় (Assembly) এসে অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করলেন। তারপর দাবি করলেন, ‘আজকে হয়তো আমি একা। সংখ্যাটা খুব তাড়াতাড়ি ১০০ হবে।’
ভোটের জেতার পর বাইরন বলেছিলেন, ‘তৃণমূল আমায় কিনতে পারবে না। আমি তৃণমূলকে কিনে নেব।’ এদিন সাংবাদিকরা সাগরদিঘির জয়ী কংগ্রেস প্রার্থীকে প্রশ্ন করেন, কীভাবে ১০০ হবে? বিধায়ক কিনবেন নাকি? জবাবে বাইরন বিশ্বাস বলেন, ‘কিনব কেন? মানুষ পরিবর্তন চাইছে, কংগ্রেসকে চাইছে। স্বচ্ছ ভোট হলে অনেক অনেক আসন আমাদের বাড়বে।’
তৃণমূল আমায় কিনতে পারবে না, আমি কিনে নেব: বাইরন
বাইরন এদিনই প্রথম বিধানসভায় পা রাখলেন। তাঁকে সঙ্গে করে নিয়ে এসেছিলেন প্রদেশ কংগ্রেসের দুই প্রবীণ নেতা তথা প্রাক্তন বিধায়ক অসিত মিত্র এবং নেপাল মাহাত।
সাগরদিঘির জয়ী কংগ্রেস প্রার্থী বলেন, স্পিকারের সঙ্গে তাঁর কথা হয়েছে। এখনও রাজভবন থেকে কোনও বার্তা আসেনি। তা আসার পর শপথের ব্যাপারে জানানো হবে।
স্বাধীনতার পর প্রথমবার একুশের বিধানসভায় বাম-কংগ্রেস শূন্য হয়ে গিয়েছিল। বাইরনের জয়ের পর পুরো পাঁচবছর কংগ্রেস শূন্য থাকছে না বিধানসভা। বাম-কংগ্রেস জোট প্রার্থী হিসাবেই সাগরদিঘির ৫০ হাজারের হারা আসন ২৩ হাজার ভোটে জিতেছেন বাইরন। স্বাভাবিকভাবেই তাঁর মধ্যেও আত্মবিশ্বাস রয়েছে। একা বিধানসভায় এসে শনিবার ১০০-র স্বপ্ন দেখাতে চাইলেন বাইরন।