
শেষ আপডেট: 19 May 2023 12:53
দ্য ওয়াল ব্যুরো: এগরা বিস্ফোরণ কাণ্ডে (Egra Blast) এবার রাজ্য সরকারের কাছে রিপোর্ট তলব করল জাতীয় মানবাধিকার কমিশন (NRHC)। গত মঙ্গলবার পূর্ব মেদিনীপুরের এগরাতে বাজি কারখানায় বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সেই ঘটনায় প্রাণ হারিয়েছেন ৯ জন। এবার এই ঘটনা নিয়েই রাজ্যের ডিজি ও মুখ্যসচিবকে নোটিস পাঠাল কমিশন।
নোটিসে বলা হয়েছে, কী কী ব্যবস্থা নেওয়া হয়েছে, তা আগামী ৪ সপ্তাহের মধ্যে রিপোর্ট আকারে পাঠাতে হবে। এই ঘটনার তদন্ত করছে সিআইডি।
ঘটনার পরই খাদিকুল গ্রামে যান জাতীয় মানবাধিকার কমিশনের প্রতিনিধিরা। কমিশনের দাবি, গ্রামবাসীদের বক্তব্য অনুযায়ী ওই গ্রামে দীর্ঘদিন ধরে বেআইনি বাজি কারখানা চলছে। মোট ১৫ জন ওই কারখানায় কাজ করত। প্রশাসনিক গাফিলতি স্পষ্ট। এই ঘটনায় সিআইডি কী পদক্ষেপ করেছে, জখমদের চিকিৎসায় কী ব্যবস্থা নেওয়া হয়েছে সব ওই রিপোর্টে জানাতে হবে রাজ্যকে।
গত মঙ্গলবার দুপুরে এগরার ১ নম্বর ব্লকের খাদিকুল গ্রাম পঞ্চায়েত এলাকার একটি বেআইনি বাজি কারখানায় বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে সেইসময় কারখানায় যাঁরা ছিলেন তাঁদের দেহ ছিটকে পড়ে আশপাশে। সেদিন বিকেলেই সাংবাদিক বৈঠক করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সিআইডি তদন্তের নির্দেশ দেন।
রামনবমী কাণ্ডে তদন্ত করবে এনআইএ, হাইকোর্টের নির্দেশ বহাল সুপ্রিম কোর্টেও