বনগাঁর তৃণমূল বিধায়কের 'খোঁজ নেই', কাল যোগ দিতে পারেন বিজেপি-তে
দ্য ওয়াল ব্যুরো: রবিবার সকালেই জানা গিয়েছিল, নোয়াপাড়ার তৃণমূল বিধায়ক সুনীল সিং দিল্লি চলে গিয়েছেন। সোমবার যোগ দেবেন বিজেপি-তে। সঙ্গে গারুলিয়া পুরসভার বেশ কয়েকজন কাউন্সিলরও। রাতে যা খবর, তাতে ধাক্কাটা এখানেই শেষ নয় উত্তর চব্বিশ পরগনার তৃণমূল
শেষ আপডেট: 16 June 2019 18:05
দ্য ওয়াল ব্যুরো: রবিবার সকালেই জানা গিয়েছিল, নোয়াপাড়ার তৃণমূল বিধায়ক সুনীল সিং দিল্লি চলে গিয়েছেন। সোমবার যোগ দেবেন বিজেপি-তে। সঙ্গে গারুলিয়া পুরসভার বেশ কয়েকজন কাউন্সিলরও। রাতে যা খবর, তাতে ধাক্কাটা এখানেই শেষ নয় উত্তর চব্বিশ পরগনার তৃণমূলের। দুপুরের পর থেকে 'নিরুদ্দেশ' বনগাঁ উত্তরের বিধায়ক বিশ্বজিৎ দাস। সূত্রের খবর, বনগাঁ পুরসভার ১৪ জন কাউন্সিলর ও ১৫টি পঞ্চায়েতের সদস্যদের নিয়ে বিশ্বজিৎও নাকি দিল্লি চলে গিয়েছেন। সুনীলদের সঙ্গে তিনিও নাকি দলবল নিয়ে যোগ দেবেন গেরুয়া শিবিরে।
বিশ্বজিতের সঙ্গে ফোনে যোগাযোগ করার চেষ্টা করা হয়েছিল, কিন্তু ফোন বন্ধ রয়েছে তাঁর। এ ব্যাপারে জেলার অন্যতম তৃণমূল নেতা তথা পাণিহাটির বিধায়ক নির্মল ঘোষ বলেন, "যাঁরা যাচ্ছেন, যান। কিন্তু মনে রাখবেন, মানুষের ভোটে জিতেছিলেন তৃণমূলের প্রতীকেই। এটা বিশ্বাসঘাতকতা।"

বনগাঁ পুরসভা কয়েকদিন ধরেই ডামাডোলের মধ্যে চলছে। চেয়ারম্যানের বিরুদ্ধে কার্যত জেহাদ ঘোষণা করেছেন ১৪ জন কাউন্সিলর। পর্যবেক্ষকদের মতে, ওটা ছিল প্রাথমিক ধাপ। আস্তে আস্তে তাঁরা শিবির বদলের দিকে এগিয়েছেন।
বনগাঁ লোকসভা হাতছাড়া হয়েছে তৃণমূলের। মতুয়া ভোটে যে একচেটিয়া আধিপত্য ছিল শাসক দলের, তাতেও বড়সড় ধাক্কা লেগেছে। জেঠিমা মমতাবালা ঠাকুরকে লক্ষাধিক ভোটে হারিয়ে সাংসদ হয়েছেন শান্তনু ঠাকুর। অনেকের মতে, বনগাঁয় একাধিক এলাকায় বড় নেতারাও তৃণমূলে থেকে ভোট করিয়েছেন বিজেপির হয়ে।
শুভ্রাংশু রায়, হেমেন্দ্র রায়দের যোগদান করানোর পর কৈলাস বিজয়বর্গীয় স্পষ্ট বলেছিলেন, যে ভাবে সাত দফায় লোকসভা ভোট হয়েছে, সে ভাবেই সাত দফায় শিবির বদল হবে। মনে করা হচ্ছে দ্বিতীয় দফা হতে চলেছে সোমবার দুপুরেই।
পর্যবেক্ষকদের মতে, তৃণমূলের ভাঙন শুধু কোনও নির্দিষ্ট এলাকায় থেমে নেই। তা ক্রমশ ছড়িয়ে পড়ছে। শিল্পাঞ্চল থেকে গ্রামাঞ্চলে। ব্যারাকপুর থেকে বনগাঁ। নোয়াপাড়া থেকে নদিয়া।