
শেষ আপডেট: 20 August 2022 08:42
দ্য ওয়াল ব্যুরো: দু’দিনের জ্বরে নাবালিকার মৃত্যু! ভুল চিকিৎসার (Wrong Treatment) অভিযোগ উঠল নিউটাউনের (Newtown) এক ডাক্তারের বিরুদ্ধে। রাগে সেই ডাক্তারের চেম্বার ভাঙচুর করেছে উত্তেজিত জনতা।
ঘটনাটি ঘটেছে নিউটাউন থানার অন্তর্গত প্রমোদগড় এলাকায়। মৃত নাবালিকার নাম স্বর্ণালী মণ্ডল। বয়স মাত্র ১৪ বছর। বাড়ির লোকজন জানিয়েছেন, গত পরশু দিন জ্বর এসেছিল মেয়ের। বাড়িতে যে ওষুধ ছিল তাই খাওয়ানো হয়েছিল, জ্বর তাতে কিছুটা কমেওছিল। পরে নাবালিকা জানায় তার পেটে যন্ত্রণা হচ্ছে। এরপরই স্থানীয় এক ডাক্তারের চেম্বারে শনিবার সকালে তাকে নিয়ে যাওয়া হয়।
অভিযোগ, সুস্থ সবল মেয়েটিকে ভুল চিকিৎসার মাধ্যমে মেরেই ফেলেছেন ওই ডাক্তারবাবু। ওষুধ খাইয়ে ওই নাবালিকাকে এক লিটার ওআরএসের জল খাওয়ানো হয়। তারপর একটি ইঞ্জেকশনও দেওয়া হয় বলে অভিযোগ। এছাড়া ডেঙ্গি
কিন্তু পরিবারের লোকজন জানান, মেয়ের শারীরিক অবস্থার এতে কোনও উন্নতি হয়নি। এরপর মেয়েটিকে একটি ঘরে বন্ধ করে তার মূত্রাশয় দিয়ে নল ঢোকানোর চেষ্টা করেন ওই ডাক্তার। তাতেই নাকমুখ দিয়ে জল বেরিয়ে আসে। তারপর তিনি রোগীকে হাসপাতালে নিয়ে যেতে বলেন। বাড়ির লোকেদের দাবি, ততক্ষণে যা হওয়ার হয়ে গিয়েছে। আরজিকর হাসপাতালে নাবালিকাকে নিয়ে গেলে সেখানকার চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন।
এরপরেই ওই ডাক্তারের বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়েন স্থানীয়রা। পরিবারের লোকজন ডাক্তারের চেম্বারে গিয়ে তুমুল বিক্ষোভ দেখান, ভাঙচুর করা হয় চেয়ার, টেবিল। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় নিউটাউন থানার পুলিশ। তারা গিয়ে চিকিৎসককে আটক করে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
আরও পড়ুন: বাসন্তীতে তৃণমূল কর্মীকে গুলি করে খুন! বাজার থেকে ফেরার পথেই মৃত্যু