দ্য ওয়াল ব্যুরো: প্রাথমিক শিক্ষক পদে সাড়ে ১০ হাজার শূন্যপদে কাউন্সেলিং শেষ হয়ে গিয়েছে। নিয়োগপত্র দেওয়ার কাজ শুরু হয়েছে। আগামী সোমবার থেকে উচ্চ প্রাথমিকে নিয়োগের ইন্টারভিউ শুরু করবে রাজ্য স্কুল সার্ভিস কমিশন। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু শুক্রবার সাংবাদিক সম্মেলন ডেকে এই খবর জানান।
উচ্চ প্রাথমিকের ইন্টারভিউ চলবে ৪ আগস্ট পর্যন্ত। ওই পদে নিয়োগ করা হবে ১৪ হাজার ৩৩৯ জনকে।
সাংবাদিক বৈঠকের আগে স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যানের সঙ্গে বৈঠক হয় শিক্ষামন্ত্রীর।
শিক্ষামন্ত্রী জানান, www.westbengalssc.com-- এই ওয়েবসাইটে ইন্টারভিউ সংক্রান্ত সবরকম তথ্য পাওয়া যাবে। তিনি কয়েকটি হেল্পলাইন নম্বরও ঘোষণা করেন। সেগুলি হল, ৯৮৩০৪৫৪২১৯, ৯০৫১১৭৬৪০০, ৯০৫১২৭৬৫০০ এবং ৯৮৩০৪৫৪২১৮
আগামীকাল শনিবার ইঞ্জিনিয়ারিংয়ের রাজ্য জয়েন্ট এন্ট্রাস পরীক্ষা। রাজ্য সরকারের আর্জি মেনে পূর্ব রেল শনিবার লোকাল ট্রেনে পরীক্ষার্থীদের উঠতে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। পাশাপাশি রাজ্য শিক্ষা দফতর সকাল থেকে বিশেষ কন্ট্রোল রুম চালু রাখবে। কন্ট্রোল রুমের নম্বরগুলি হল, ১৮০০১০২৩৭৮১ এবং ১৮০০৩৪৫০০৫০