দ্য ওয়াল ব্যুরো, বাঁকুড়া: বাঁকুড়া জেলা জুড়ে বিক্ষোভ যেন কিছুতেই পিছু ছাড়তে চাইছে না। এবার বিষ্ণুপুরের বিধায়ক তুষারকান্তি ভট্টাচার্যের বাড়ির ফটকের সামনে বিক্ষোভ দেখালেন আপার প্রাইমারি পরীক্ষায় উত্তীর্ণ চাকরিপ্রার্থীরা। বিক্ষোভকারীদের দাবি, তাঁদের প্রত্যেকের নাম রয়েছে আপার প্রাইমারি চাকরির মেধা তালিকায়। যত দ্রুত সম্ভব তাঁদের চাকরি দিতে হবে।
বিষ্ণুপুরের অন্তত ৭০ জন চাকরিপ্রার্থী শুক্রবার এই বিক্ষোভে শামিল হন। তাঁদের দাবি, আপার প্রাইমারির মেধা তালিকায় যে সমস্ত চাকরিপ্রার্থীর নাম রয়েছে অবিলম্বে তাঁদের কাজে নিয়োগ করতে হবে। কিছুক্ষণ বিক্ষোভ দেখানোর পরে তাঁরা তাঁদের দাবি সম্বলিত একটি স্মারকলিপি বিধায়কের হাতে তুলে দেন।
দশরথ রজক নামের এক চাকরিপ্রার্থী বলেন, “২০১৪ সালে আমরা ফর্ম ফিল আপ করেছি কিন্তু এখনও আমাদের নিয়োগ করা হয়নি। আমরা সরকারের কাছে আবেদন করছি যাতে খুব তাড়াতাড়ি তারা নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করে।” তাঁদের দ্রুত নিয়োগ না করা হলে আগামী দিনে কলকাতার রাজপথে অনশনের হুঁশিয়ারিও দিয়ে রেখেছেন।
বিষ্ণুপুরের বিধায়ক তুষারকান্তি ভট্টাচার্য্য বলেন, “চাকরিপ্রার্থীরা যে দাবি করছেন তা তাঁদের ন্যায্য দাবি। আমি সব সময়ই তাঁদের পাশে রয়েছি এবং সব রকম ভাবে তাঁদের সহযোগিতা করার চেষ্টা করব।” ২০১৬ সালে তুষারকান্তি ভট্টাচার্য্য কংগ্রেস ও বাম দলের জোট প্রার্থী হিসাবে ভোটে লড়ে বিষ্ণুপুর আসন থেকে জেতেন। কিছুদিন পরে তিনি জাতীয় কংগ্রেস ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দেন। লোকসভা ভোটের আগে তিনি তৃণমূল ছেড়ে যোগ দেন বিজেপিতে। ফলে বর্তমানে তিনি কোন দলে রয়েছেন তা নিয়ে জেলার রাজনীতিকদের মধ্যে জিজ্ঞাসা রয়েছে। এই অবস্থায় তিনি কতটা কী করতে পারবেন তা নিয়ে প্রশ্ন রয়েছে।
বাঁকুড়ার ইঁদপুর থানা এলাকায় সম্প্রতি সেই জায়গার আপার প্রাইমারি চাকরিপ্রার্থীরা বিক্ষোভে নেমেছিলেন ব্যানার-ফেস্টুন নিয়ে। লকডাউনের সময় রেশন নিজেও জেলার বিভিন্ন জায়গায় বিক্ষোভ হয়েছে।