দ্য ওয়াল ব্যুরো: জয়েন্ট পরীক্ষার্থী এবং তাদের অভিভাবকরা স্টাফ স্পেশাল ট্রেনে উঠতে পারবেন কাল। এবিষয়ে রেলকে চিঠি দিয়েছিল রাজ্য। সেই চিঠির আবেদনে সম্মতি দিয়েছে পূর্ব রেল। শনিবার, জয়েন্টের প্রবেশিকা।
পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক একলব্য চক্রবর্তী জানান, ট্রেনে ওঠার জন্য টিকিট কাউন্টারে পরীক্ষার্থীদের অ্যাডমিট কার্ড দেখিয়ে একদিনের টিকিট কাটতে হবে। সেই টিকিট নিয়ে স্টাফ স্পেশাল ট্রেনে উঠতে পারবেন পরীক্ষার্থীরা। সমস্ত টিকিট কাউন্টারে নির্দেশ দেওয়া হয়েছে।
এ বছর প্রায় ৯২ হাজার পড়ুয়া এবার জয়েন্টে বসছেন। কলকাতা-সহ রাজ্যের ২৭৪টি কেন্দ্রে এবার পরীক্ষাগ্রহণ হবে। কোভিড পরিস্থিতির কথা মাথায় রেখে সবরকম স্বাস্থ্যবিধি মেনেই এই পরীক্ষা নেওয়া হবে বলে আশ্বস্ত করেছে বোর্ড। ১৪ অগস্টের মধ্যে পরীক্ষার ফলও প্রকাশ হয়ে যাওয়ার কথা। সেপ্টেম্বরের মধ্যে কাউন্সেলিং।
করোনার কারণে অনেক রাজ্যেই লকডাউন বা কার্ফু চলছে। তাই জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা পিছিয়ে দেওয়ার আবেদন করা হয়েছিল। প্রায় ৯২ হাজার আবেদন জমা পড়ে। বোর্ডের তরফে জানানো হয়েছে, ১৭ জুলাইয়ের মধ্যে লকডাউন পরিস্থিতি অনেকটাই শিথিল হবে। যানবাহনের সমস্যা খুব একটা থাকবে না। তাই পরীক্ষাকেন্দ্রে যেতে সমস্যা হবে না পরীক্ষার্থীদের। তবে সমস্ত পরীক্ষাকেন্দ্রেই কোভিড গাইডলাইন মেনে চলা হবে বলেই জানিয়েছে বোর্ড। একটা ঘরে ২০ জনের বেশি পরীক্ষার্থী থাকবে না। পারস্পরিক দূরত্ব চার থেকে পাঁচ ফুট রাখা হবে।