অভিষেক ঢুকলেন ইডি দফতরে, জানালেন তদন্তে সমস্ত সহযোগিতা করবেন
দ্য ওয়াল ব্যুরো: কয়লা কাণ্ডে জিজ্ঞাসাবাদের জন্য তাঁকে ডেকে পাঠিয়েছিল কেন্দ্রীয় তদন্ত এজেন্সি এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। রবিবার বিকেলেই দিল্লি পৌঁছে গিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। সোমবার সকাল ১১টা নাগাদ ইডি দফতরে পৌঁছন তি
শেষ আপডেট: 6 September 2021 06:56
দ্য ওয়াল ব্যুরো: কয়লা কাণ্ডে জিজ্ঞাসাবাদের জন্য তাঁকে ডেকে পাঠিয়েছিল কেন্দ্রীয় তদন্ত এজেন্সি এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। রবিবার বিকেলেই দিল্লি পৌঁছে গিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। সোমবার সকাল ১১টা নাগাদ ইডি দফতরে পৌঁছন তিনি।
এদিন হাজিরা দিতে ঢোকার আগে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক বলেন, "যে কোনও তদন্তের মুখোমুখি হতে প্রস্তুত। সব রকম সহযোগিতা করব। তদন্তকারী সংস্থা নিজের কাজ করছে। এক জন সাধারণ নাগরিক হিসেবে আমারও উচিত তাদের সঙ্গে সহযোগিতা করা।’’
গতকাল দিল্লি যাওয়ার আগে কলকাতা বিমানবন্দরে তদন্ত নিয়ে রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগ তুলেছিলেন ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ। অভিষেক বলেন, আমি আগেও বলেছি আমার পিছনে ইডি, সিবিআই লাগানোর দরকার নেই। দস পয়সার দুর্নীতিও যদি কেউ প্রমাণ করতে পারে, ফাঁসির মঞ্চে আমি মৃত্যুবরণ করতে রাজি আছি। আজও সেই একই কথাই বলছি। যে কোনও তদন্তের সামনাসামনি করতে আমি প্রস্তুত।
তিনি আরও বলেছিলেন, কলকাতার মামলায় দিল্লিতে ডেকে পাঠিয়েছে। বিজেপি প্রতিহিংসাপরায়ণ রাজনীতিতে নেমেছে। মানুষ ওদের জিততে দেয়নি। তাই তারা অন্য পথ অবলম্বন করছে।
আর্থিক দুর্নীতির মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তাঁর স্ত্রী রুজিরা নারুলাকে নোটিস দিয়েছিল ইডি। কিন্তু রুজিরা ইডিকে চিঠি লিখে জানিয়ে দিয়েছেন তাঁর পক্ষে এখন এত স্বল্প নোটসে দিল্লি যাওয়া সম্ভব নয়। ইডি চাইলে কলকাতায় তাঁকে জেরা করতে পারে। তবে অভিষেক আজ ইডির কাছে হাজিরা দিলেন।
পড়ুন দ্য ওয়ালের সাহিত্য পত্রিকা 'সুখপাঠ'