দ্য ওয়াল ব্যুরো: ট্রেনের জানলার ধারে বসে আইফোন নিয়ে ঘাঁটাঘাঁটি করছিলেন এক যাত্রী। শনিবার রাত পৌনে এগারোটা নাগাদ উলুবেড়িয়া স্টেশনে দাঁড়িয়েছিল আপ সম্বলপুর এক্সপ্রেস। ট্রেনটা ছাড়তেই ট্রেনের বাইরে থেকে ওই যাত্রীর হাত থেকে ফোনটা কেড়ে নেয় এক ছিনতাইবাজ। মুহূর্তের মধ্যে সিট ছেড়ে দরজার সামনে গিয়ে লাফিয়ে পড়েন যাত্রী। উদ্দেশ, ছিনতাইবাজকে পাকড়াও। কিন্তু এতেই ঘটল মর্মান্তি পরিণতি। ট্রেন থেকে পড়ে মৃত্যু হল জামশেদপুরের বাসিন্দা সৌরভ ঘোষের (২৭)।
জামশেদপুরের টাটায় বাড়ি সৌরভের। কলকাতায় মুকুন্দপুরে একটি বেসরকারি সংস্থায় কর্মরত ছিলেন। প্রতি শনিবার রাতের ট্রেনে বাড়ি ফিরতেন তিনি। গতকালও রাত ১০টার আপ সম্বলপুর এক্সপ্রেসে বাড়ি ফিরছিলেন তিনি। হাওড়া থেকে ট্রেনে উঠেছিলেন সৌরভ। খানিক পরে উলুবেড়িয়া স্টেশনে পৌঁছয় ট্রেনটি। উলুবেড়িয়া স্টেশন ছাড়ার মুখে দুর্ঘটনাটি ঘটে।
লাইনে পরে যাওয়ায় মাথায় গুরুতর আঘাত লাগে সৌরভের। এরপর ছুটে আসে জিআরপি। রক্তাক্ত অবস্থায় তাঁকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় উলুবেড়িয়া মহকুমা হাসপাতালে। সেখানেই তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা।
গোটা ঘটনায় প্রশ্ন উঠছে রেলের যাত্রী নিরাপত্তা নিয়ে। ওই বগির একাধিক যাত্রী সংবাদমাধ্যমকে জানিয়েছেন, সংরক্ষিত কামরা হলেও, ওই সময়ে কোনও আরপিএফ কম্পার্টমেন্টে ছিলেন না। তাঁদের অভিযোগ, প্রায়ই সম্বলপুর এক্সপ্রেসে এমন ঘটনা ঘটে।
হাওড়া দক্ষিণ-পূর্ব শাখায় এই ন্ধরনের ছিনতাইয়ের ঘটনা নতুন নয়। একটা সময়ে টিকিয়াপাড়া, দাসনগর স্টেশন ছিল ছিনতাইবাজদের স্বর্গরাজ্য। একাধিক ঘটনা ঘটেছে। কিন্তু রেল প্রশাসনের যেন টনকই নড়ে না। এবার মৃত্যু হল এক যাত্রীর।