দ্য ওয়াল ব্যুরো: দিন পনেরো ধরেই নাকি উৎপাত করছিল ভূত! সন্ধে হলে শোনা যেত নানান রকম আওয়াজ, রাত বিরেতে ঢিল পড়ত টালির চালে। এ বার সেই সেই ভূতই ঢুকে পড়ল ঘরে। একা থাকার সুযোগ নিয়ে এক গৃহবধূকে জাপটে ধরে ছিঁড়ে দিল ব্লাউজ। তারপর ওই বধূর চিৎকারে পরিবারের অন্যরা ছুটে এলে ধরা পড়ে যায় ভূত। দেখা যায় পাশের বাড়ির যুবকই মুখে পাউডার, গায়ে কালি মেখে ভূত সেজে এই কাণ্ড ঘটিয়েছে।
রবিবার ঘটনাটি ঘটেছ পূর্ব বর্ধমান জেলার কাটোয়া থাণ্ডার পাড়া এলাকায়। শ্লীলতাহানি করতে গিয়ে ভূত ধরা পড়ার পর বেধড়ক পেটায় এলাকার লোকজন। তারপর ওই যুবক, সুরজ শেখের পরিবারের লোকজন এসে ছাড়িয়ে নিয়ে যায়। কাটোয়া থানায় শ্লীলতাহানির অভিযোগ করেছেন ওই মহিলা।
ওই গৃহবধূ সংবাদমাধ্যমকে বলেন, “প্রতিবেশী যুবক সুরজ শেখ মুখে পাউডার ও গায়ে কালি মেখে ভূত সেজে এসেছিল। তবে আমি হাল ছাড়িনি। জাপটে ধরি তাকে। চিৎকার করে লোক জড়ো করে ফেলি। তার পরই বেরোয় আসল রূপ।" সোমবার দুপুরে ওই যুবকের বাড়িতে গিয়েছিল পুলিশ। কিন্তু তাকে পাওয়া যায়নি। সুরজের মাকে আটক করেছে পুলিশ। কাটোয়া থানার পুলিশ জানিয়েছে সুরজের খোঁজে তল্লাশি চলছে।