দ্য ওয়াল ব্যুরো, উত্তর ২৪ পরগনাঃ সরকারি হাসপাতালে চিকিৎসা করাতে গিয়ে মহিলা চিকিৎসককে কটূক্তি ও গালিগালাজের ঘটনায় এক যুবককে গ্রেফতার করল পুলিশ। ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাটে।
পুলিশ সূত্রে খবর, বুধবার বসিরহাট জেলা স্বাস্থ্য হাসপাতালে চোখ দেখাতে যায় জাহাঙ্গীর মণ্ডল নামের এক যুবক। তার বাড়ি মাটিয়া থানা এলাকার পানিগোবরা গ্রামে। সেখানে গেলে চক্ষু বিশেষজ্ঞ এক মহিলা ডাক্তারের কাছে পাঠানো হয় জাহাঙ্গীরকে। ওই মহিলা চিকিৎসক তার চোখ দেখার সময় এই কাণ্ড ঘটে বলে জানা গিয়েছে।
সূত্রের খবর, ওই মহিলা ডাক্তার যখন জাহাঙ্গীরের চোখ দেখছিলেন তখন তাঁর দিকে তাকিয়ে নানা রকমের অশ্লীল অঙ্গভঙ্গি করতে দেখা যায় তাকে। এমনকি সে নাকি ডাক্তারকে তার চোখে চোখ রেখে কথা বলতে বলে। ওই চিকিৎসক এই ঘটনার প্রতিবাদ করলে তাঁকে অশ্লীল ভাষায় গালিগালাজ করে সেখানে থেকে পালিয়ে যায় জাহাঙ্গীর।
এই ঘটনার পরে প্রথমে হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেন ওই মহিলা চিকিৎসক। তারপরে বুধবার রাতের দিকে বসিরহাট থানায় গিয়ে ওই যুবকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন ওই মহিলা চিকিৎসক। তাঁর অভিযোগ, শুধুমাত্র হাসপাতালে নয়, গত দু’দিন ধরে তাঁকে রাস্তাতেও জাহাঙ্গীর ফলো করছিল। হাসপাতালে যাওয়া-আসার সময়ও তাঁকে অশ্লীল অঙ্গভঙ্গি ও কটূক্তি করেছে বছর তিরিশের জাহাঙ্গীর, এমনটাই অভিযোগ করেছেন তিনি।
পুলিশ সূত্রে খবর, বৃহস্পতিবার ভোরে পানিগোবরা এলাকায় জাহাঙ্গীরের বাড়ি থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। তারপরে ওই মহিলা চিকিৎসক তাকে শনাক্ত করেন। তারপরে তাকে বসিরহাট মহকুমা আদালতে তোলা হয়। জাহাঙ্গীরকে পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক। তার বিরুদ্ধে শ্লীলতাহানি, কটূক্তি প্রভৃতি একাধিক অভিযোগ দায়ের করা হয়েছে। নেহাতই নিজের ইচ্ছেই সে এই কাজ করছিল, না এর পিছনে অন্য কোনও কারণ রয়েছে তা খতিয়ে দেখছে বসিরহাট থানার পুলিশ।