দ্য ওয়াল ব্যুরো: ক্লাবে বক্সিং প্র্যাকটিসের সময় আচমকাই মৃত্যু তরুণীর। এমন মর্মান্তিক ঘটনা ঘটেছে খোদ কলকাতায়। জানা গিয়েছে, ভবানীপুর বক্সিং অ্যাসোসিয়েশনে বেশ অনেকদিন ধরেই প্র্যাকটিস করতেন খিদিরপুরের বাসিন্দা জ্যোতি প্রধান (২২)।যোগেশচন্দ্র কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্রী ছিলেন অন্যান্য দিনের মতোই বুধবারও গিয়েছিলেন প্র্যাকটিসে।
ক্লাবের মুখপাত্র জানিয়েছেন, এ দিন স্বাভাবিক ভাবেই বক্সিং রিংয়ে প্র্যাকটিস করেছেন জ্যোতি। তারপর নেমে এসে নীচে থাকা একটি পাঞ্চিং ব্যাগেও বেশ খানিকক্ষণ কসরত চালান। তারপর ক্লান্ত হয়ে যাওয়ায় রিংয়ের সাইডে বসেই হাঁটুতে মাথা রেখে একটু জিরিয়ে নিচ্ছিলেন জ্যোতি। ওই মুখপাত্রের কথায়, "আচমকাই দেখি ও অজ্ঞান হয়ে গিয়েছে। তড়িঘড়ি ওকে নিয়ে ছুটি এসএসকেএম হাসপাতালে।"
চিকিৎসকরা জানিয়েছেন, হাসপাতালে আনার পরেও বেঁচে ছিল জ্যোতি। ইমার্জেন্সি বিভাগে ভর্তিও করা হয় তাঁকে। কিন্তু ট্রিটমেন্ট শুরুর আগেই হার্ট অ্যাটাক হয় তরুণীর। চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন জ্যোতি প্রধানকে। মূলত ভবানীপুরের এই বক্সিং ক্লাব অনেকদিনের পুরনো। রাজ্যের মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় এই ক্লাবের সভাপতি। তাঁর ছেলে সায়নদেব চট্টোপাধ্যায়ের ক্লাব বলেই স্থানীয় লোকেদের কাছে পরিচিত এই ক্লাব। দ্য ওয়াল-এর তরফে সায়নদেববাবুর সঙ্গে যোগাযোগ করা হয়েছিল। তিনিও জানিয়েছেন, বুধবার এমন একটি অপ্রীতিকর ঘটনা ঘটেছে।
ময়নাতদন্তে পাঠানো হয়েছে জ্যোতির দেহ। আচমকা কেন তিনি অজ্ঞান হয়ে গিয়েছিলেন তা জানতে শুরু হয়েছে তদন্ত। পুলিশ জানিয়েছে, মৃতার পরিবারের লোকজনকে খবর দেওয়া হয়েছে। আগে থেকেই কোনও ভাবে অসুস্থ ছিলেন কি না কিংবা এ দিন জ্যোতির মধ্যে কোনও অস্বাভাবিকতা দেখা গিয়েছিল কি না তা জানতে ক্লাব কর্তৃপক্ষ, জ্যোতির ট্রেনার এবং পরিবারের লোকের সঙ্গে কথা বলছে পুলিশ।