দ্য ওয়াল ব্যুরো: মানসিক অবসাদের জেরে আত্মহত্যা করলেন এক তরুণী অভিনেত্রী। তাঁর পরিবার সূত্রে জানা গেছে, মনের মতো কাজ না পেয়ে বেশ কিছুদিন ধরেই তিনি অবসাদে ভুগছিলেন। গতকাল রবিবার বর্ধমানের মোহনবাগে নিজের বাড়িতে সিলিং ফ্যানে ওড়নার ফাঁস দিয়ে আত্মহত্যা করেন তিনি।
অভিনেত্রীর নাম সুবর্ণা যশ, তাঁর বয়স তেইশ বছর। তিনি বর্ধমান বিদ্যার্থী ভবন গার্লস স্কুলের ছাত্রী ছিলেন। সেখান থেকে পাশ করার পর কলকাতায় সাংবাদিকতা পড়তে চলে যান। তাঁর বাবা একটি নার্সিংহোমে ম্যানেজারের চাকরি করেন। পরিবারটি সাধারণ মধ্যবিত্ত পরিবার। কলকাতা যাবার পর কিছুদিন নানা কাজে শিক্ষানবিশি করার পরে সুবর্ণা টলিপাড়ায় অভিনেত্রী হিসেবে কাজে যোগ দেন। পাশাপাশি করতে থাকেন মডেলিংও। সেখানে বেশ কয়েকটি সিরিয়ালে পার্শ্বচরিত্রে অভিনয় করেন। কোনও একটি মেগা সিরিয়ালে অভিনয়ের সুযোগ খুঁজছিলেন যাতে বাংলা সিরিয়ালে জায়গা করে নিতে পারেন। একেবারেই যে সুযোগ পাচ্ছিলেন না তা নয়, তবে ঠিক যেমন চাইছিলেন তেমন অভিনয় করার সুযোগ তিনি পাচ্ছিলেন না।
নিজের মনমতো জায়গা করতে না পারায় মানসিক অবসাদে ভুগছিলেন। গত কয়েক মাস ধরে তাঁর পরিবারের লোকজন তাঁকে নিয়ে বিভিন্ন জায়গায় চিকিৎসা করাতে যান। গতকাল তিনি একাই বাড়িতে ছিলেন। সে সময় আত্মহত্যা করেন।
তরুণ অভিনেত্রীর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে পাড়ায়। পুলিশ দেহটি ময়নাতদন্তে পাঠিয়েছে।