দ্য ওয়াল ব্যুরো: সামান্য কারণে গালিগালাজ ও তার জেরে এক যুবককে বাঁশ দিয়ে পিটিয়ে খুনের অভিযোগ হুগলিতে এক ব্যক্তির বাড়ি ভাঙচুর করে তাতে আগুন ধরিয়ে দেওয়া হল।
পোলবার সুগন্ধা পঞ্চায়েতের ধূমা গ্রামে গত ২২ এপ্রিল পিন্টু মাজি ও সমীর দাস নামে দুই প্রতিবেশী যুবকের মধ্যে বচসা থেকে মারামারি হয়। সামান্য বিষয়ে গালিগালাজ করা থেকে ঘটনার সূত্রপাত বলে জানা যায়। তখনকার মতো বিষয়টি মিটে যায়। ওই দিনই বিকালে সমীর দাসের বাড়ি সামনে দিয়ে যাচ্ছিলেন পিন্টু মাজি। অভিযোগ, তখন হঠাৎই পিন্টুর উপরে চড়াও হয় সমীর। বাঁশ দিয়ে বেধড়ক পেটাতে থাকে সমীরকে। গ্রামবাসীরা দেখতে পেয়ে পিন্টুকে উদ্ধার করেন। তাঁকে গুরুতর আহত অবস্থায় চন্দননগর হাসপাতালে ভর্তি করা হয়। মাথায় গুরুতর আঘাত থাকায় আহত যুবককে সেখান থেকে এসএসকেএম হাসপাতালে স্থানান্তরিত করা হয়। মঙ্গলবার রাতে মৃত্যু হয় পিন্টুর। তাঁর স্ত্রী ও দুই বছরের একটি ছেলে রয়েছে।
পিন্টুর শ্বশুরবাড়ি ডুবির ভেড়ি গ্রামে। সেখান থেকে বেশ কয়েক জন লোক ধূমায় এসে অভিযুক্ত সমীর দাসের বাড়িতে ভাঙচুর করে আগুন ধরিয়ে দেয় বলে অভিযোগ। খবর পেয়ে পোলবা থানার পুলিশ ঘটনাস্থলে হাজির হয়। গ্রামে ব্যাপক উত্তেজনা থাকায় সিআই এবং ডিএসপি ডি অ্যান্ড টি'র নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী গিয়ে পরিস্থিতি সামাল দেয়। ঘটনার পর অভিযুক্তের পরিবারের অন্য সদস্যরা গা ঢাকা দিয়েছেন।
অভিযুক্তকে ঘটনার দিনেই গ্রেফতার করেছিল পুলিশ। তার বিরুদ্ধে খুনের চেষ্টার মামলা দায়ের করা হয়েছিল। পুলিশ সূত্রে জানা গেছে মঙ্গলবার রাতে আহতের মৃত্যুর পরে অভিযুক্তের বিরুদ্ধে খুনের মামলা শুরু করা হয়েছে।