দ্য ওয়াল ব্যুরো: বিশ্ব পরিবেশ দিবসে পুরুলিয়াকে আরও সবুজ করতে এগিল এল পুরুলিয়ায় মহিলাদের সংগঠন রেওয়া। সামাজিক বিভিন্ন কাজ কর্মের পাশাপাশি এবছর বিশ্ব পরিবেশ দিবসে পুরুলিয়া শহর এবং শহর লাগোয়া এলাকা জুড়ে তারা পুঁতে দিল দুশোর বেশি ফলের গাছের বীজ। কোনও সরকারি সাহায্য ছাড়াই তারা একাজ করছে। তাঁদের একটাই বার্তা – গাছ লাগাই, পরিবেশ বাঁচাই এবং নিজেদের রক্ষা করি।
২০১৫ সালে পথ চলা শুরু হয়েছিল রিফর্ম এনরিচ উইমেন অ্যারাউন্ড। সংক্ষিপ্ত নাম রেওয়া। বর্তমানে এই সংস্থার মোট সদস্য সংখ্যা ৫৫ জন। সকলেই মোটামুটি অবাঙালি গৃহবধূ। তাঁরা এগিয়ে এসেছেন নানা সমাজ সচেতনতা মূলক কাজে।
এবছর আমফান ও তার পরে কালবৈশাখী ঝড়ে পুরুলিয়া শহর ও শহরতলির নানা জায়গায় প্রচুর গাছ ভেঙে পড়েছে। সবুজের সেই অভাব পূরণ করতে এই সংগঠনের সদস্যরা একটু অন্যরকম চিন্তাভাবনা শুরু করেন। নিজেদের বাড়ি তো বটেই, প্রতিবেশীদের কাছ থেকেও জোগাড় করেছিলেন আমের আঁটি, লিচু ও সবেদার বীজ। সেগুলোকে নিয়ে এসে শুকিয়ে ফেলেন। পরে গোবর ও সার মিশিয়ে তার মধ্যে তার মধ্যে বীজ বসিয়ে দেয় যাতে সহজে অঙ্কুরোদ্গম হয়। শুক্রবার বিশ্ব পরিবেশ দিবসে সেগুলো তাঁরা বিভিন্ন জায়গায় পুঁতেছেন। বর্ষাকালে বেশ খানিকটা বেড়ে উঠতে পারে এমন কয়েকটি গাছের চারাও তাঁরা লাগিয়েছেন।
শুধু ফলের বীজ লাগানো নয়, এবার এই সংস্থার পক্ষ থেকে মহিলাদের হাতে তুলে দেওয়া হয়েছে তুলসী ও অন্য আয়ুর্বেদিক গাছের চারা। এমন গাছ যার পাতা বা অন্য অংশে রয়েছে রোগ প্রতিরোধ ক্ষমতা। এই সময়ে কী ভাবে শরীরে রোগ প্রতিরোধক শক্তি বাড়ানো যায় তার জন্য এঁরা আয়ুর্বেদিক পাচন তৈরি করে তা তুলে দেন বেশ কয়েক জন মহিলাদের হাতে। আগামী দিনে এরকম আরও অনেক কর্মসূচি নিয়ে এগোতে চান এই সংগঠনের সদস্যারা।