দ্য ওয়াল ব্যুরো: ভিনরাজ্য থেকে আসা সব লরিকে স্যানিটাইজ করতে হবে। সেই সব লরির চালক ও খালাসিদের অবাধে ঘুরে বেড়ানো বন্ধ করতে হবে। এই দাবিতেই শালবনিতে জিন্দলদের কারখানার বাইরে বিক্ষোভ দেখালেন এলাকার মহিলারা।
কারখানার আশেপাশে রয়েছে আসনাসুলি, জামবেদিয়া, কুল, ফেনী প্রভৃতি গ্রাম। এই সব গ্রামের মহিলারা সোমবার সকাল থেকে কারখানার বাইরে বিক্ষোভ দেখাতে শুরু করেন। তাঁরা জানান যে ভিনরাজ্য থেকে যে সমস্ত মালবোঝাই লরি কারখানায় আসছে সেইসব লরির চালক ও খালাসিরা তাঁদের গাড়ি ছেড়ে গেটের বাইরে বিভিন্ন জায়গায় এমনকি গ্রামের আনাচে-কানাচে ঘোরাফেরা করছেন। এর ফলে করোনার মতো মহামারী গ্রামে ছড়িয়ে পড়তে পারে বলে তাঁরা আশঙ্কা করছেন। তাঁরা বলেছেন যে এই গ্রাম পিছিয়ে পড়া। এখানে করোনা ছড়িয়ে পড়লে তাঁরা বিপদে পড়ে যাবেন। তাই তাঁরা এ ব্যাপারে প্রশাসনের হস্তক্ষেপ দাবি করতে থাকেন।
শালবনি থানার পুলিশ এলে তাঁরা একই কথা বলেন। গাড়িগুলি স্যানিটাইজ করার দাবি করেন ও চালকদের অবাধ চলাফেরা বন্ধ করতে বলেন। পরে জিন্দাল কর্তৃপক্ষের তরফে গ্রামবাসীদের জানানো হয় যে তাঁরা সুরক্ষা সংক্রান্ত সব বিধিনিষেধই পালন করছেন। গ্রামবাসীদের সঙ্গেই তাঁরা কাজ করে থাকেন তাই সংক্রমণ হলে তা থেকে বাদ পড়বেন না তাঁরা নিজেরাও। সেজন্য তাঁরা সবদিক লক্ষ্য রেখেই কাজ করাচ্ছেন।