দ্য ওয়াল ব্যুরো: একটি ট্রলি ব্যাগ থেকে উদ্ধার হল এক তরুণীর দেহ। সামনের চেনে রাখা কাটা মুণ্ডু এবং ভিতরের চেনে দেহাংশ। বৃহস্পতিবার সকালে বালি ব্রিজের নিচে জেটিয়া ঘাটে গঙ্গায় একটি ট্রলি ব্যাগ দেখতে পান স্থানীয়েরা। খুলতেই দেখা যায় সেটির ভিতর রয়েছে এক মহিলার কাটা মুন্ডু। শিউরে ওঠেন সকলে। খবর দেওয়া হয় বালি থানায়। পুলিশ এসে ওই ব্যাগটি উদ্ধার করে। তরুণীর নাম পরিচয় এখনও জানা যায়নি।
পুলিশ জানায়, ভিতরে ওই মহিলার দেহ টুকরো টুকরো করে কেটে ভরা রয়েছে। ওই ব্যাগের পাশেই মিলেছে আরেকটি কাপড়ের ব্যাগ। তা থেকে ৫টি ধারালো অস্ত্র পাওয়া গিয়েছে। যার মধ্যে ৩টি চপার, একটি আনাজ কাটার ছোট ছুরি ও একটি মাঝারি ছুরি। এছাড়াও মিলেছে কাদা মাখা নীল রঙের জিনসের প্যান্ট, কালো জামা ও একটি গ্লাভস। এই পোশাক তরুণীরই কি না খতিয়ে দেখছে পুলিশ।
মহিলাকে নৃশংসভাবে খুন করে ব্যাগে ভরে এনে ওই ঘাটে ফেলা হয়েছিল না গঙ্গায় ভেসে এসেছিল তা খতিয়ে দেখা হচ্ছে। পুলিশের মনে সন্দেহ জাগাচ্ছে, অস্ত্র ভর্তি কাপড়ের ব্যাগটি। কারণ ট্রলিটি যদি কোথাও থেকে ভেসেও আসে, অস্ত্র ভর্তি কাপড়ের ব্যাগটি এল কী করে। তাহলে কী দেহ ভরা ব্যাগ ও ছুরির ব্যাগটি কেউ বালি ব্রিজ থেকে নিচে ফেলেছিল? সবটাই খতিয়ে দেখছে বলে জানিয়েছে পুলিশ। মূল সমস্যা হয়ে দাঁড়িয়েছে, বালিব্রিজে কোনও সিসিটিভি নেই। ফলে এই বিষয়টি নিশ্চিত হতে পারছেন না পুলিশ আধিকারিকরা।
গতমাসেই এক যুবকের কাটা মুণ্ডু উদ্ধার হয়েছিল হাসনাবাদ লোকালে। দেহ মিলেছিল কাঁকিনাড়ায়। তারপর ফের এই ঘটনা।