ফরাক্কায় বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র-সহ গ্রেফতার মহিলা
দ্য ওয়াল ব্যুরো : মুর্শিদাবাদে বিপুল পরিমাণ অস্ত্র ও গুলি-সহ এক মহিলাকে গ্রেফতার করল পুলিশ। মঙ্গলবার সকাল ৬টা নাগাদ ফরাক্কায় ৩৪ নম্বর জাতীয় সড়কের উপর ফরাক্কা থানার পুলিশ ও স্পেশ্যাল অপারেশন গ্রুপের যৌথ উদ্যোগে ফুরকান বিবি ( ৩৬ ) নামের এই মহ
শেষ আপডেট: 1 October 2019 08:35
দ্য ওয়াল ব্যুরো : মুর্শিদাবাদে বিপুল পরিমাণ অস্ত্র ও গুলি-সহ এক মহিলাকে গ্রেফতার করল পুলিশ। মঙ্গলবার সকাল ৬টা নাগাদ ফরাক্কায় ৩৪ নম্বর জাতীয় সড়কের উপর ফরাক্কা থানার পুলিশ ও স্পেশ্যাল অপারেশন গ্রুপের যৌথ উদ্যোগে ফুরকান বিবি ( ৩৬ ) নামের এই মহিলাকে গ্রেফতার করা হয়। তাঁর কাছ থেকে উদ্ধার হয় এই বিপুল অস্ত্র।
অস্ত্র উদ্ধারের পর মুর্শিদাবাদ জেলার পুলিশ সুপার এক সাংবাদিক বৈঠক করে পুরো ব্যাপারটা জানান। তিনি বলেন, বেশ কিছুদিন থেকেই গোপন সূত্রে পুলিশের কাছে খবর ছিল যে পাটনার এক ব্যক্তি ফরাক্কায় এসে আগ্নেয়াস্ত্র পাচার করছে। এই কাজে ফরাক্কা থানার রামরামপুর গ্রামের বাসিন্দা হাবিবুর শেখ যুক্ত। এই খবর পেয়ে হাবিবুর শেখের বাড়িতে হানা দেয় পুলিশ। তাঁর বাড়ি থেকে ৯টি পিস্তল ও ২১৩ রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার হয়।
কিন্তু পুলিশ আসার আগেই বাড়ি ছেড়ে পালান হাবিবুর। তাঁর স্ত্রী ফুরকান বিবিও বাড়ি ছেড়ে পালিয়ে যান। পুলিশ জানতে পারে, যাওয়ার সময় অনেক অস্ত্র নিয়ে পালিয়েছেন ফুরকান। তারপরেই ফরাক্কায় জাতীয় সড়কের উপর থেকে ফুরকানকে গ্রেফতার করে পুলিশ।
পুলিশ সূত্রে খবর, ফুরকান বিবির কাছ থেকে ৫টি ৯ এমএম পিস্তল, ৪টি দেশি পিস্তল ও ১৫টি গুলির প্যাকেট উদ্ধার হয়েছে। সেই প্যাকেটে ১৫০ রাউন্ড ৮ এমএম কার্তুজ, ৩২টি ৭.৬৫ এমএম কার্তুজ, ২৫টি ৯ এমএম কার্তুজ, ১টি ০.০৩০ এমএম কার্তুজ, দুটি ম্যাগাজিন ও একটি ফোন পাওয়া গিয়েছে।
পুলিশ সূত্রে খবর, হাবিবুর ও ফুরকান দু'জনেই এই অস্ত্র পাচারের কাজ করতেন। আপাতত পুলিশি হেফাজতে রয়েছেন ফুরকান। তাঁকে আদালতে তোলা হবে। হাবিবুরের খোঁজ করছে পুলিশ। এই ঘটনায় আরও কেউ যুক্ত কিনা তার খোঁজ চালাচ্ছে পুলিশ।