চার দিনে খাঁচাবন্দি দু’টি লেপার্ড, চিতাবাঘের আতঙ্ক ডামডিমে
দ্য ওয়াল ব্যুরো: আরও একটি চিতাবাঘ ধরা পড়ল ডুয়ার্সের ডামডিম সেনা ছাউনি এলাকা থেকে। এই নিয়ে চার দিনে দু’টি। ধরা পড়া চিতাবাঘটিকে বৃহস্পতিবার খাঁচাবন্দি করা হয়েছে। খাঁচাবন্দি করার পরে এদিনই ওই চিতাবাঘটিকে লাটাগুড়ি প্রকৃতি পর্যবেক্ষণ কেন্দ্রে
শেষ আপডেট: 30 January 2020 13:47
দ্য ওয়াল ব্যুরো: আরও একটি চিতাবাঘ ধরা পড়ল ডুয়ার্সের ডামডিম সেনা ছাউনি এলাকা থেকে। এই নিয়ে চার দিনে দু’টি। ধরা পড়া চিতাবাঘটিকে বৃহস্পতিবার খাঁচাবন্দি করা হয়েছে। খাঁচাবন্দি করার পরে এদিনই ওই চিতাবাঘটিকে লাটাগুড়ি প্রকৃতি পর্যবেক্ষণ কেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে। সেখানে প্রাথমিক চিকিৎসার পরে চিতাবাঘটিকে গরুমারা অরণ্যে ছেড়ে দেওয়া হবে বলে জানিয়েছেন মাল স্কোয়াডের রেঞ্জার বিভূতি দাস।
সেনাছাউনি এলাকায় গত সোমবার রেডিও কলার লাগানো একটি চিতাবাঘ ধরা পড়েছিল। একই জায়গা থেকে আরও একটি চিতাবাঘ ধরা পড়ায় এলাকার লোকজন আতঙ্কিত হয়ে পড়েছেন। বন দফতর সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার ধরা পড়া চিতাবাঘটি পূর্ণবয়স্ক পুরুষ।

এক মাসের চেষ্টায় এমাসের ২০ তারিখ ধরা হয়েছিল আরও একটি চিতাবাঘকে। মাদারিহাটের গ্যারগেন্ডা চা বাগান থেকে খাঁচাবন্দি করা হয়েছিল সেটিকে। তখন চিতাবাঘটি ধরা পড়ায় এলাকার মানুষ স্বস্তি পেয়েছিলেন কারণ এর আগে গত বছর ডিসেম্বর মাসের মাঝামাঝি সময়ে গ্যারগেণ্ডা চা বাগানে ১৯ বছরের এক তরুণীকে টেনে নিয়ে গিয়েছিল একটি চিতাবাঘ। তার পর থেকেই আতঙ্ক ছিল এলাকায়। এক মাস পরে একটি চিতাবাঘ ধরা পড়ায় এলাকার লোকজন মনে করেন সেই চিতাবাঘটিই ধরা পড়েছে। তবে এনিয়ে সংশয় ছিল বন দফতরে। এবার পরপর দু’টি চিতাবাঘ ধরা পড়ায় ডামডিমের লোকজন আতঙ্কিত হয়ে পড়েছেন।