দ্য ওয়াল ব্যুরো: নাবালিকাকে যৌন নিগ্রহের অভিযোগ উঠল ডায়মন্ড হারবারের বিজেপি প্রার্থী নীলাঞ্জন রায়ের বিরুদ্ধে। শিশু সুরক্ষা কমিশন ( WBCPCR )-এর তরফে এই অভিযোগ স্বীকার করে নেওয়া হয়েছে। শিশু সুরক্ষা কমিশনের তরফে নির্বাচন কমিশনকে জানানো হয়েছে, ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতার করতে হবে বিজেপি প্রার্থীকে।
শিশু সুরক্ষা কমিশনের তরফে জানানো হয়েছে, কয়েকদিন আগে বিজেপি প্রার্থী নীলাঞ্জন রায়ের বিরুদ্ধে অভিযোগ উঠেছিল দক্ষিণ ২৪ পরগণার ফলতা এলাকায় একটি ১৭ বছরের মেয়েকে যৌন হেনস্থা করেছেন তিনি। নীলাঞ্জনবাবুর বিরুদ্ধে ফলতা থানায় দায়ের করা হয় অভিযোগ। পকসো আইনে অভিযোগ দায়ের করে পুলিশ। তারপরেই পুরো বিষয়টা পাঠানো হয় শিশু সুরক্ষা কমিশনে।
কমিশনের তরফে জানানো হয়েছে, তদন্ত করে দেখা গিয়েছে, বিজেপি প্রার্থীর বিরুদ্ধে এই অভিযোগের সারবত্তা আছে। তাই যত তাড়াতাড়ি সম্ভব তাঁকে গ্রেফতার করে পুলিশি হেফাজতে নিতে হবে। এরপরেই মুখ্য নির্বাচনী আধিকারিককে জানানো হয়, ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতার করতে হবে বিজেপি প্রার্থীকে। তাঁর বিরুদ্ধে পকসো আইনে মামলা দায়ের করার নির্দেশও দেওয়া হয়েছে।
এই ব্যাপারে স্থানীয় এক তৃণমূল নেতা জানিয়েছেন, "নীলাঞ্জন রায়ের বিরুদ্ধে অনেক অভিযোগ রয়েছে। তারমধ্যে সবথেকে মারাত্মক অভিযোগ হলো এই যৌন নিগ্রহের অভিযোগ। আমরা বারবার এই ব্যাপারে আবেদন করে এসেছি। শেষ পর্যন্ত যে শিশু সুরক্ষা কমিশন আমাদের আবেদনে সাড়া দিয়েছেন, তাতে আমরা খুশি।"
অবশ্য এই পুরো ঘটনাকে সাজানো বলে মন্তব্য করেছেন বিজেপি প্রার্থী তথা রাজ্যের সাধারণ সম্পাদক সায়ন্তন বসু। তিনি বলেন, "পুরোটাই সাজানো ঘটনা। তৃণমূল ভয় পেয়ে এ সব করছে। আমরাও যদি জাতীয় কমিশনগুলোকে ব্যবহার করা শুরু করি, তাহলে তৃণমূলের কোনও নেতা জেলের বাইরে থাকবেন না।"
আরও পড়ুন
https://www.four.suk.1wp.in/mukul-roy-challenges-mamata-banerjee-on-pen-drive-issue/