দ্য ওয়াল ব্যুরো: দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটের উত্তর চকভবানীর গার্লস কলেজ পাড়ায় একই সঙ্গে এক চিকিৎসক ও এক সরকারি কর্মীর অস্বাভাবিক মৃত্যু নিয়ে রহস্য তৈরি হয়েছে। তাঁরা দুই ভাই। খাদ্যে বিষক্রিয়ার ফলে তাঁদের মৃত্যু হয়েছে নাকি তাঁরা বিষমদ পান করেছিলেন তা নিয়ে শুরু হয়েছে গুঞ্জন। পুলিশ জানিয়েছে ময়নাতদন্তের রিপোর্ট এলেই মৃত্যুর কারণ বলা যাবে।
মৃতদের নাম নিশীথকুমার ঘোষ (৫৬) ও বিপ্লবকুমার ঘোষ (৫৩) । নিশীথ হোমিওপ্যাথি ডাক্তার এবং তাঁর ভাই বিপ্লব সরকারি কর্মী।
এলাকা সূত্রে খবর রবিবার দু’জনে বমি করছিলেন। অন্য আরও কয়েকটি উপসর্গ দেখা দিয়েছিল। দুই ভাই ভীষণ ভাবে অসুস্থ হয়ে পড়ায় তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে রাতেই তাঁদের মৃত্যু হয়। খবর পেয়ে এদিন সকালে ওই বাড়িতে তদন্তে যায় বালুরঘাট থানার পুলিশ। পুলিশ এখনও মৃত্যুর কারণ জানাতে পারেনি। মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
মৃতদের পরিবারের একটি সূত্রে জানা গিয়েছে উভয়েই মদ্যপান করেছিলেন। তার পরে প্রশ্ন উঠতে শুরু করেছে যে তবে মদের বিষক্রিয়ার ফলেই তাঁদের মৃত্যু হয়েছে কিনা তা নিয়ে।
এ ব্যাপারে ডিএসপি (হেডকোয়ার্টার্স) ধীমান মিত্র বলেছেন, “কোনও রকম মদের ব্যাপার নেই। ভিসেরা টেস্টের পরে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।”